ওজন কমাতে বলেও কাজ মেলেনি, যেভাবে প্রথম সিনেমায় সুযোগ পান অঞ্জলি

বলিউড অভিনেত্রী অঞ্জলি আনন্দকে সম্প্রতি ‘ধামাল ৪’ সিনেমায় দেখা গেছে। স্থূলকায় হওয়ার কারণে ক্যারিয়ারের শুরুতে তাকে নানা বাধার মুখে পড়তে হয়েছিল। এমনকি কাজ পাওয়ার জন্য বারবার ওজন কমানোর পরামর্শও দেওয়া হয়েছিল তাকে। তবে শেষ পর্যন্ত নিজের অভিনয় দিয়েই বড় পর্দায় জায়গা করে নেন এই অভিনেত্রী।
সম্প্রতি নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান অঞ্জলির মুম্বাইয়ের বাড়িতে গিয়ে একটি ভ্লগ তৈরি করেন। সেখানেই নিজের অভিনয়জীবনের শুরুর দিকের নানা অভিজ্ঞতা তুলে ধরেন অঞ্জলি।
অভিনেত্রী জানান, ২০২০ সালটা তার জন্য ছিল অত্যন্ত কঠিন। সে সময় কোনো কাজ না পেয়ে ভারত ছেড়ে দেওয়া, এমনকি অভিনয়ই ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। লকডাউনের কারণে কাজের সুযোগ আরও কমে গিয়েছিল। একপর্যায়ে তার জমানো টাকাও শেষ হয়ে যায়।
এর মধ্যেই কাস্টিং ডিরেক্টর শানু শর্মার কাছ থেকে ফোন পান অঞ্জলি। এর আগে বিভিন্ন কাজের জন্য শানু তাকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওজন কমাতে না পারায় কাজও পাননি তিনি।
অঞ্জলি জানান, একসময় বন্ধুদের সঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই শানুর একটি মেসেজ পান। তাকে বলা হয়, ‘তুমি ওজন কমাও, আমরা কিছু একটা করব।’ এরপর করণ জোহরের সিনেমার জন্য অডিশন দেন অঞ্জলি। তার ছবি ও অডিশন দেখে নির্মাতারা মুগ্ধ হন এবং তাকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়।
২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিই অঞ্জলির বড় পর্দায় উল্লেখযোগ্য অভিষেক। যদিও এর আগে ২০২১ সালের ‘বেল বটম’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে সেখানে তার চরিত্রটি ছিল ছোট এবং সিনেমায় তার নামও উল্লেখ করা হয়নি।
অভিনয়ে আসার আগে ২০১৭ সালে ‘ঢাই কিলো প্রেম’ ও ‘উনতাগ’-এর মতো টেলিভিশন শোতে কাজ করেন অঞ্জলি। পরের বছর ‘কুলফি কুমার বাজেওয়ালা’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। এ ছাড়া ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৩’ ও ‘ঝলক দিখলা জা ১১’-এর প্রতিযোগী হিসেবেও অংশ নেন তিনি।



