অ্যাপলের ৩ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ, যেভাবে আবেদন করবেন আইফোন ব্যবহারকারীরা

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সিরির বিভিন্ন সুবিধা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে করা মামলার নিষ্পত্তির অংশ হিসেবে প্রায় ২৫ কোটি ডলার বা ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে অ্যাপল। এর আওতায় যোগ্য আইফোন ব্যবহারকারীরা সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।
মামলাটি করা হয়েছিল নতুন আইফোনে ঘোষিত কিছু এআই ও সিরি সুবিধা নির্ধারিত সময়ে চালু না করার অভিযোগে। তবে অ্যাপল কোনো ধরনের অন্যায় বা দায় স্বীকার করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উদ্ভাবনী পণ্য ও সেবা দেওয়ার কাজে মনোযোগ ধরে রাখার জন্যই তারা বিষয়টি নিষ্পত্তি করেছে।
মামলায় বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আসার পর ক্রেতাদের মধ্যে ডিভাইসটিতে এআই সুবিধা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। একই সময়ে অ্যাপল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর কিছু সুবিধা চালু করলেও সিরির সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তি এবং এআই-চালিত ইমোজি তৈরির মতো প্রত্যাশিত কিছু সুবিধা পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।
নিষ্পত্তির শর্ত অনুযায়ী, বৈধ দাবি করা গ্রাহকেরা প্রতি যোগ্য ডিভাইসের জন্য প্রাথমিকভাবে ২৫ ডলার করে পেতে পারেন। তবে মোট বৈধ দাবির সংখ্যা অনুযায়ী অর্থের পরিমাণ পরিবর্তিত হতে পারে এবং সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।
কারা ক্ষতিপূরণ পাবেন
ক্ষতিপূরণ পেতে হলে গ্রাহককে যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে। পাশাপাশি ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স অথবা আইফোন ১৬ সিরিজের কোনো একটি মডেল কিনতে হবে।
ক্রয়ের সময় ওই ডিভাইসে নির্দিষ্ট সিরি-ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু তা পাওয়া যায়নি—এমন বিষয়ও দাবির ক্ষেত্রে স্বীকার করতে হবে।
একজন গ্রাহক তার মালিকানাধীন একাধিক যোগ্য ডিভাইসের জন্য আলাদা করে দাবি করতে পারবেন। তবে ডিভাইসের মূল ক্রেতা হতে হবে। পুনরায় বিক্রি হওয়া ডিভাইসের ক্ষেত্রে দাবি করা যাবে না। প্রতিষ্ঠানও তাদের কেনা যোগ্য ডিভাইসের জন্য দাবি করতে পারবে।
যেভাবে আবেদন করবেন
যোগ্য গ্রাহকেরা নির্ধারিত নিষ্পত্তি-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর এবং তা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের সময় বর্তমান যোগাযোগের তথ্য দিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য ডিভাইস কেনা হয়েছে এবং সেটিতে নির্দিষ্ট সিরি-ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়ার প্রত্যাশা ছিল—এমন তথ্য নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কেনাকাটা ও ডিভাইসের মালিকানা প্রমাণের তথ্যও দিতে হতে পারে।
অসম্পূর্ণ দাবি, ভুল তথ্যসহ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া দাবি বাতিল হতে পারে।
নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের পর যোগ্য দাবিগুলোর অর্থ পরিশোধ করা হবে। গ্রাহকেরা ডাকযোগে অথবা ডিজিটাল চেকের মাধ্যমে অর্থ পেতে পারেন। তবে নিষ্পত্তির বিরুদ্ধে কোনো আপিল হলে অর্থ পেতে দেরি হতে পারে।
নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের শুনানি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৭ সালে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অবস্থিত নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার মার্কিন জেলা আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই শুনানিতে আদালত নিষ্পত্তিটি ন্যায্য ও যথাযথ কি না, তা বিবেচনা করবেন এবং এ বিষয়ে কোনো আপত্তি থাকলে সেগুলোও পর্যালোচনা করবেন।



