২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৭ আশ্বিন ১৪৩৩
নারী

ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে হার টাইগ্রেসদের

f61d0490-ee18-45b2-9afb-3bc214eb9a00-k30FnX

এশিয়ান গেমসে নারী ক্রিকেট থেকে পদক পাওয়ার আশা ছিল বাংলাদেশের। তবে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে সেই সম্ভাবনা শেষ হয়েছে। ফলে কোনো পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৪৫ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে অধিনায়ক ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রান করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন। গুল ফিরোজা ৩১, আলিয়া রিয়াজ ২২ এবং শাওয়াল জুলফিকার করেন ১৭ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ২০ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ব্যাটারদের বেশ কিছু ভুল শটের কারণে দ্রুত উইকেট হারাতে হয়।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা দলের ইনিংস সামলানোর চেষ্টা করেন। দুজনের জুটিতে আসে ৪৭ রান। তবে প্রয়োজনীয় রানরেট ক্রমেই বেড়ে যাওয়ায় চাপ বাড়তে থাকে বাংলাদেশের ওপর।

Advertisements

চাপ কাটিয়ে দ্রুত রান তুলতে গিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন জ্যোতি। ৩০ বলে ২৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

জ্যোতির বিদায়ের পর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। শারমিন আক্তার সুপ্তা ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

ফলে ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় পাকিস্তান।

Advertisements