২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
বিবিধ

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি গাজী নজরুল

images (38)

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় সংসদ সদস্য নিজেও ওই ফ্ল্যাটে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘটনাটি জানাজানি হয়। ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা গিয়ে আলামত সংগ্রহ করছেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিমও জানিয়েছেন, মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের সময় সংসদ সদস্য সেখানে ছিলেন বলে তারা জানতে পেরেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত প্রয়োজন বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে কক্ষের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে জানালা দিয়ে মরিয়মকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। এ কাজে সিআইডির ক্রাইম সিন ইউনিটও যুক্ত হয়েছে।

Advertisements

এদিকে একই দিন পল্লবী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা জমা দেন গাজী নজরুল ইসলাম। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিননামা দাখিল করেন।

গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নির্বাচিত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে দলীয় তদন্তের মুখে পড়েন তিনি। দলীয় তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

Advertisements