ব্যাটিংয়ে মনোযোগ দিতে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যাবেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় চার বছরের নেতৃত্ব অধ্যায়ের ইতি ঘটবে জ্যোতির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে জানিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। নেতৃত্বের চাপের বাইরে থেকে ব্যাটিংয়ে আরও বেশি অবদান রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারের পর জ্যোতি বলেন, একজন ব্যাটার ও ক্রিকেটার হিসেবে দলের জন্য তার আরও অনেক কিছু দেওয়ার সুযোগ রয়েছে। সেই জায়গায় মনোযোগ বাড়াতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন জ্যোতি। তার নেতৃত্বে ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩২ ম্যাচে জয় পেয়েছে দল, বিপরীতে হার এসেছে ৪৮ ম্যাচে। তার অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০২৪ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সেই ইতিহাস গড়ে টাইগ্রেসরা।
তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে জ্যোতির বড় ইনিংসের সংখ্যা কমেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৩৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৩২, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭, ভারতের বিপক্ষে ৩২ এবং পাকিস্তানের বিপক্ষে ৩৬ রান করেন তিনি।
চলতি বছরের টি-টোয়েন্টি এশিয়া কাপেও চার ম্যাচে জ্যোতির ব্যাট থেকে এসেছে মোট ৫৬ রান। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০, শ্রীলঙ্কার বিপক্ষে ৪, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৩ এবং ভারতের বিপক্ষে সেমিফাইনালে ১৯ রান করেন তিনি।
এদিকে ২০২৬ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সও খুব একটা স্বস্তিদায়ক ছিল না। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের দুটিতে জয় পায় তারা।
টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর এশিয়ান গেমসের শেষ চারেও ভারতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন নিগার সুলতানা জ্যোতি।



