বরকতময় জীবনের জন্য প্রয়োজনীয় ৫ দোয়া

একজন মুসলিমের চব্বিশ ঘণ্টার জীবনই ইবাদত হয়ে উঠতে পারে, যদি তাতে যুক্ত হয় ছোট কিছু আমল। প্রতিদিনের ঘর থেকে বের হওয়া, মসজিদে যাওয়া কিংবা যানবাহনে ওঠার মতো সাধারণ কাজগুলোকে পুণ্যময় করতে রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন চমৎকার কিছু দোয়া। এসব ছোট ছোট দোয়ার মাধ্যমে জীবনের প্রতিটি ধাপে যেমন আল্লাহর রহমত মেলে, তেমনি প্রকাশ পায় তাঁর ওপর মুমিনের অবিচল নির্ভরতা।
প্রতিদিনের জীবনে সহজেই পড়া যায় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো:
১. যানবাহনে উঠার দোয়া
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
অর্থ: তিনি পূতপবিত্র, যিনি এ বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন। অথচ এটি আয়ত্তে আনার ক্ষমতা আমাদের ছিল না। আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। (সুরা যুখরুফ, আয়াত ১৩-১৪)
ফজিলত: যানবাহনে ওঠার সময় এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তার কাছে ফিরে যাওয়ার কথা স্মরণ করা হয়।
২. মসজিদে প্রবেশের দোয়া
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।
অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। ( আবু দাউদ, হাদিস :৪৬৬।)
ফজিলত: মসজিদে প্রবেশের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রহমত কামনা করে এই দোয়া পড়তেন।
৩. মসজিদ থেকে বের হওয়ার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিক।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। (আবু দাউদ, হাদিস: ১২৬)
ফজিলত: মসজিদ থেকে বের হওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর অনুগ্রহ কামনা করে এই দোয়া পড়তেন।
৪. ঘরে প্রবেশের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। (আবু দাউদ, হাদিস: ৫০৯৬)
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে প্রবেশ ও প্রস্থানের কল্যাণ প্রার্থনা করছি। আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম এবং আল্লাহর নামেই বের হলাম। আর আমাদের রব আল্লাহর ওপরই আমরা ভরসা করলাম।
৫. ঘর থেকে বের হওয়ার দোয়া
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে বের হলাম। আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। (তিরমিজি, হাদিস ৩৪২৬)
ফজিলত: ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ার মাধ্যমে বান্দা নিজের সব কাজের জন্য আল্লাহর ওপর নির্ভরতা প্রকাশ করে এবং তার সাহায্য কামনা করে।



