সোমবার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তারেক রহমানের প্রথম ভাষণ।
ভাষণে সরকারের অগ্রাধিকার, চলমান সংস্কার কার্যক্রম, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সম্ভাবনা, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়ও গুরুত্ব পেতে পারে।
সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, দ্বিপক্ষীয় বাণিজ্য, কৌশলগত সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া রোহিঙ্গা সংকটকে সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংকটটির টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন চাওয়া হতে পারে। এসডিজি অগ্রগতি, ডিজিটাল উদ্ভাবন ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়েও বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জাতিসংঘের একই মঞ্চে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অংশগ্রহণ রয়েছে। ১৯৮০ সালের আগস্টে জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন জিয়াউর রহমান। এরপর ১৯৯৩ সালে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
এবার একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। ফলে তার এবারের সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রূপান্তর, অর্থনৈতিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অগ্রাধিকার বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে থাকা বিএনপির নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতি চলছে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ শুরু হবে ২২ সেপ্টেম্বর। সাধারণ বিতর্ক চলবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর। এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘রিস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন: আ ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল’—অর্থাৎ আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনার মাধ্যমে সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।
সংক্ষিপ্ত সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।



