ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘অর্ণব’, ঝুঁকিতে কোন উপকূল?

বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সিস্টেমটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে যেতে পারে। তবে এখনই এর সম্ভাব্য গতিপথ ও শক্তি সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়াও হতে পারে। একই সময়ে ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়া ব্যবস্থা ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিকিম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। এরই মধ্যে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা রয়েছে।
তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঠিক কোথায় আঘাত হানবে, আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না এবং এর শক্তি কতটা হবে—এসব বিষয় এখনও নিশ্চিত নয়। আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন পর্যবেক্ষণের পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।



