১৯ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৪ আশ্বিন ১৪৩৩
শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

Education minister meeting-768×402

জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে এবার বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি উদযাপন ও গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে।

নতুন নীতিমালা অনুযায়ী, সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে দিবসটি উদযাপন করা হবে। এর কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—ইউনেস্কোর ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি পালন, সমাজের বিভিন্ন স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষকদের সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানানো।

নীতিমালার ৫.১ ধারা অনুযায়ী, বিভিন্ন পর্যায় ও শিক্ষাব্যবস্থা থেকে মোট ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষককে নির্বাচন করা হবে। সাধারণ শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন থাকবেন।

মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাবেন ২০ জন শিক্ষক। তাদের মধ্যে সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন নির্বাচিত হবেন।

Advertisements

কলেজ পর্যায়ে ২৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এ পর্যায়ে সাধারণ শিক্ষা থেকে ১৫ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন শিক্ষক থাকবেন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন শিক্ষককে নির্বাচন করা হবে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন থাকবেন।

এ ছাড়া বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে আরও ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন থাকবেন।

এর বাইরে প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত আরও ৫ জন শিক্ষক এই জাতীয় সম্মাননা পাবেন।

তবে বিশেষ পরিস্থিতিতে সম্মাননার বিভিন্ন স্তর ও সংখ্যা পরিবর্তনের ক্ষমতা জাতীয় স্টিয়ারিং কমিটির হাতে থাকবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি ক্যাটাগরির জন্য তিনজন করে শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি প্রতিটি ক্যাটাগরিতে তিনজনের প্যানেল তৈরি করবে। পরে সেই প্যানেল চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে উপস্থাপন করা হবে।

Advertisements