তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ দক্ষিণ কোরীয় নারীর

তুরস্কের ঐতিহাসিক শহর মারদিন ভ্রমণে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরতুকলু জেলা মুফতির কার্যালয় জানিয়েছে, শেভন নামের ওই দক্ষিণ কোরীয় নারী মারদিন শহর পরিদর্শনের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে মুফতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার ধর্ম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শেভন ইসলামের মূল ইমানি বাক্য ‘শাহাদা’ পাঠ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর নিজের নতুন নাম হিসেবে ‘আবদুল্লাহ’ বেছে নেন শেভন। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন।
শত শত বছরের পুরোনো স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন ও বিভিন্ন সভ্যতার সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য মারদিন তুরস্কের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। দেশ-বিদেশের পর্যটকদের কাছেও শহরটি বেশ জনপ্রিয়।



