১৪ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে পণ্য কিনছেন? সিদ্ধান্তের আগে যে ৭ বিষয় ভাববেন

0f08f58a-6fb2-49f3-b92a-7f6db4e20d4a

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কোনো ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে হঠাৎ কোনো পণ্য কিনতে ইচ্ছা হওয়া এখন বেশ স্বাভাবিক। প্রসাধনী থেকে পোশাক, ব্যাগ কিংবা রান্নাঘরের সরঞ্জাম—ইনফ্লুয়েন্সারদের ব্যবহার ও প্রশংসা অনেক সময় নতুন পণ্য সম্পর্কে আগ্রহ তৈরি করে এবং কেনাকাটার সিদ্ধান্তেও প্রভাব ফেলে।

তবে পর্দায় কোনো পণ্য যত আকর্ষণীয়ই মনে হোক, প্রিয় ইনফ্লুয়েন্সার ব্যবহার করছেন বলেই সেটি আপনার জন্য উপযুক্ত হবে—এমন নিশ্চয়তা নেই। তাই কেনার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরি।

এটি পরামর্শ, নাকি বিজ্ঞাপন?

ইনফ্লুয়েন্সার কোনো পণ্যের প্রশংসা করলেই সেটি তার ব্যক্তিগত পছন্দ—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। ব্র্যান্ডের সঙ্গে অর্থের বিনিময়ে কাজ, বিনামূল্যে পণ্য পাওয়া কিংবা বিক্রির ওপর কমিশনের মতো বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে।

তাই পোস্ট বা ভিডিওতে বিজ্ঞাপন, স্পনসর করা কনটেন্ট কিংবা ব্র্যান্ড পার্টনারশিপের উল্লেখ আছে কি না দেখুন। বিশেষ কোনো ডিসকাউন্ট কোড বা লিংক দিয়ে কেনার আহ্বান জানানো হলেও ইনফ্লুয়েন্সার আর্থিকভাবে লাভবান হতে পারেন।

বিজ্ঞাপন হওয়া মানেই পণ্য খারাপ নয়। তবে বাণিজ্যিক সম্পর্কটি জানা থাকলে সেই পরামর্শকে সঠিক প্রেক্ষাপটে বিচার করা সহজ হয়।

সত্যিই কি পণ্যটি আপনার প্রয়োজন?

ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখার কয়েক মিনিট আগেও যে পণ্য কেনার কথা মাথায় ছিল না, সেটিই হঠাৎ প্রয়োজনীয় মনে হতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করুন—ইনফ্লুয়েন্সারকে পণ্যটি ব্যবহার করতে না দেখলে কি আমি এটি কেনার কথা ভাবতাম?

Advertisements

একই ধরনের পণ্য আগে থেকেই থাকলে নতুনটি আসলে কোনো প্রয়োজন পূরণ করছে কি না, সেটিও বিবেচনা করুন। প্রয়োজন আর হঠাৎ তৈরি হওয়া কেনার ইচ্ছার পার্থক্য বুঝতে পারলে অপ্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই কমানো সম্ভব।

একজনের অভিজ্ঞতার ওপর নির্ভর করবেন না

পছন্দের ইনফ্লুয়েন্সারের ওপর আস্থা থাকলেও তার অভিজ্ঞতা সবার ক্ষেত্রে একই হবে না। বিশেষ করে ত্বক ও চুলের যত্নের পণ্য, পোশাক, ইলেকট্রনিকস বা দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর ক্ষেত্রে ব্যক্তিভেদে ফলাফল বদলাতে পারে।

তাই কেনার আগে অন্য ব্যবহারকারীদের পর্যালোচনাও দেখুন। সম্ভব হলে একাধিক প্ল্যাটফর্ম থেকে মতামত নিন। একই ধরনের অভিযোগ বারবার পাওয়া যাচ্ছে কি না, সেটিও খেয়াল করা গুরুত্বপূর্ণ।

ভিডিওতে যেমন দেখায়, বাস্তবেও কি তেমন?

আলো, ক্যামেরার কোণ, সম্পাদনা কিংবা ফিল্টারের কারণে ভিডিওতে কোনো পণ্য বাস্তবের চেয়ে আকর্ষণীয় দেখাতে পারে।

পোশাক কেনার সময় কাপড়ের ধরন ও মাপের তালিকা দেখুন। ইলেকট্রনিকস হলে বৈশিষ্ট্য, ওয়ারেন্টি ও দীর্ঘমেয়াদি ব্যবহারকারীর অভিজ্ঞতা যাচাই করুন। প্রসাধনীর ক্ষেত্রে উপাদান, ব্যবহারের নিয়ম এবং নিজের প্রয়োজনের সঙ্গে সেটি মানানসই কি না দেখুন।

‘এখনই কিনুন’—এই চাপকে এড়িয়ে চলুন

‘স্টক প্রায় শেষ’, ‘আজই শেষ দিন’ বা ‘মাত্র ২৪ ঘণ্টার অফার’—এ ধরনের বার্তা দ্রুত কেনার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে।

জরুরি প্রয়োজন না থাকলে কিছুটা সময় নিন। পণ্যটি তালিকায় রেখে এক-দুই দিন পর আবার দেখুন। তখনো প্রয়োজনীয় মনে হলে দাম ও বিকল্প পণ্য তুলনা করে সিদ্ধান্ত নিন।

ছাড় দেখে নয়, মোট খরচ দেখে সিদ্ধান্ত নিন

ইনফ্লুয়েন্সারের বিশেষ ডিসকাউন্ট কোড দেখে বড় সাশ্রয় হচ্ছে বলে মনে হতে পারে। কিন্তু অন্য বিক্রেতার দাম, ডেলিভারি খরচ এবং একই ধরনের অন্য পণ্যের মূল্যও যাচাই করা দরকার।

২০ শতাংশ ছাড়ে অপ্রয়োজনীয় পণ্য কিনলে সেটি আসলে সাশ্রয় নয়। তাই ‘কত টাকা বাঁচছে’ নয়, শেষ পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে—সেটিই গুরুত্বপূর্ণ।

ফেরত বা পরিবর্তনের নিয়ম জেনে নিন

অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে হাতে পাওয়ার আগে সবকিছু নিশ্চিত হওয়া যায় না। পোশাকের মাপ ভুল হতে পারে, রঙ ছবির মতো নাও হতে পারে কিংবা পণ্য প্রত্যাশামতো কাজ বা পরিবর্তনের সুযোগ আছে কি না, কত দিনের মধ্যে করতে হবে এবং অতিরিক্ত কোনো খরচ আছে কি না জেনে নিন। বিক্রেতা ও ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতাও যাচ নাও করতে পারে।

তাই অর্ডারের আগে পণ্য ফেরত বা পরিবর্তনের সুযোগ আছে কি না, কত দিনের মধ্যে করতে হবে এবং অতিরিক্ত কোনো খরচ আছে কি না জেনে নিন। বিক্রেতা ও ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতাও যাচাই করুন।

ইনফ্লুয়েন্সারকে পছন্দ করা আর তার পণ্য পছন্দ করা এক নয়

নিয়মিত কারও ভিডিও দেখতে দেখতে তাকে পরিচিত মানুষের মতো মনে হওয়া স্বাভাবিক। তার জীবনযাপন, পোশাক বা পছন্দ ভালো লাগার কারণে তিনি যে পণ্য ব্যবহার করছেন, সেটিও আকর্ষণীয় মনে হতে পারে।

কিন্তু ইনফ্লুয়েন্সারের বাজেট, প্রয়োজন ও জীবনযাপন আপনার সঙ্গে নাও মিলতে পারে। তাই পছন্দের মানুষকে অনুসরণ করা আর তার প্রতিটি কেনাকাটার সিদ্ধান্ত অনুসরণ করা এক বিষয় নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম নতুন পণ্যের খোঁজ পাওয়ার ভালো মাধ্যম হতে পারে। তবে কোনো ইনফ্লুয়েন্সারের পরামর্শ যেন কেনার একমাত্র কারণ না হয়। প্রয়োজন, দাম, মান, অন্য ক্রেতার অভিজ্ঞতা এবং নিজের বাজেট—সব মিলিয়ে সিদ্ধান্ত নিলেই অপ্রয়োজনীয় কেনাকাটার ঝুঁকি কমানো সম্ভব।

Advertisements