কক্সবাজারের হোটেলে প্রায় দুই হাজার আইফোন, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক

কক্সবাজার শহরের একটি হোটেল থেকে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও বিশেষ যোগাযোগ সরঞ্জামসহ চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক জালিয়াতির অভিযোগে সাইবার আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে অভিযান শুরু করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শহরের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, চীনা ও তাইওয়ানি নাগরিকদের ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা চালিয়ে আসছিল। গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেল সি-প্যালেসে অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



