মানুষকে ‘অদক্ষ বানর’ কেন বললেন ইলন মাস্ক?

একসঙ্গে কয়েকটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মে বিভ্রাট দেখা দেওয়ার পর এআই ছাড়া মানুষের কাজ করার সক্ষমতা নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভাইরাল ভিডিওসহ মিম শেয়ার করে মাস্ক লিখেছেন, ‘ভবিষ্যতের এআইয়ের চোখে মানুষ যখন কোড লিখছে।’ ভিডিওতে দেখা যায়, একটি ওরাংওটাং পাথর ব্যবহার করে পেরেক ঠোকার চেষ্টা করছে। কাঠমিস্ত্রির কাজ অনুকরণ করতে গিয়ে প্রাণীটিকে বেশ হিমশিম খেতে দেখা যায়।
মাস্কের এই রসিকতার মাধ্যমে বোঝানো হয়েছে, ভবিষ্যতে এআই মানুষের হাতে কোড লেখার দৃশ্যকে ওই ওরাংওটাংয়ের অদক্ষভাবে কাজ করার চেষ্টার মতো দেখতে পারে। তার পোস্টের পর এক্স ব্যবহারকারীরাও বিষয়টি নিয়ে নানা রসিকতায় মেতে ওঠেন। বিশেষ করে ডেভেলপার ও প্রযুক্তি ব্যবহারকারীরা এআই ছাড়া কাজ করার পরিস্থিতিকে ভিডিওটির সঙ্গে তুলনা করছেন।
এর আগে প্রায় একই সময়ে চ্যাটজিপিটি, ক্লড ও গ্রোকের সেবায় বিভ্রাট দেখা দেয়। এতে এসব এআই টুলের ওপর কাজের জন্য নির্ভরশীল ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেন, আবার কেউ এআই ছাড়া কাজ সামলানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তবে তিনটি প্ল্যাটফর্ম প্রায় একই সময়ে সমস্যায় পড়লেও এর পেছনে অভিন্ন কোনো কারণ ছিল—এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরে তিনটি এআই সেবাই স্বাভাবিক হয়।
ঘটনাটি দৈনন্দিন কাজে এআইয়ের ওপর মানুষের বাড়তে থাকা নির্ভরতার বিষয়টিও সামনে নিয়ে এসেছে। ডেভেলপাররা কোড লেখা ও ত্রুটি সংশোধন, লেখকেরা খসড়া তৈরি ও সম্পাদনা এবং সাধারণ ব্যবহারকারীরা তথ্য খোঁজা ও বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে নিয়মিত এআই চ্যাটবট ব্যবহার করছেন।
ফলে হঠাৎ এসব সেবা বন্ধ হয়ে গেলে এমন অনেক কাজেও ব্যবহারকারীরা সমস্যায় পড়ছেন, যেগুলো আগে তারা নিজেরাই সহজে করতে পারতেন।



