বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
বিবিধ

চীনা ব্যবসায়ীর গাড়ি থেকে কোটি টাকা নিয়ে চালক উধাও, মামলা

IMG_4367

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে গাড়িচালক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ হাসান (৩০) নামে ওই চালকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

গতকাল বুধবার ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। জাহিদ হাসান ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়িচালক হিসেবে কাজ করছিলেন জাহিদ। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে চেয়ারম্যানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

পথে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামান জাহিদ। পরে ইউ শ্যালী খাবার খেতে হোটেলের ভেতরে গেলে চালক গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যান। পরে গাড়িটি গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে এক কোটি টাকা থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

খাওয়া শেষে হোটেল থেকে বের হয়ে গাড়ি ও চালককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ইউ শ্যালী। চালকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এর কিছুক্ষণ পর ইউ শ্যালীর মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠান জাহিদ। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে জানান, গাড়িটি লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বাধ্য হয়েই এমনটি করেছেন এবং সুযোগ পেলে টাকা ফেরত দেওয়ার কথাও জানান।

পরে গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হলেও গাড়ির পেছনের ডালায় রাখা এক কোটি টাকার ব্যাগটি পাওয়া যায়নি বলে জানান মামলার বাদী আকরামুল ইসলাম।

তিনি জানান, চীনা নাগরিক ইউ শ্যালী প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। গাজীপুরে তার চারটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি গুলশানে বসবাস করেন এবং বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে।

রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisements