বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩১ আগস্ট, ২০২৬
বিবিধ

আইফোনের জন্য দেড় বছরের সন্তান বিক্রির অভিযোগে যা জানালেন বাবা

IMG_4259

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। তবে শিশুটির বাবা মো. মারুফ মুন্সি দাবি করেছেন, তিনি সন্তান বিক্রি করেননি; লালন-পালনের জন্য অন্য এক পরিবারের কাছে শিশুটিকে দিয়েছিলেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে এবং শিশুটিকে উদ্ধার করে দাদা-দাদির জিম্মায় দিয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে। অভিযুক্ত মারুফ মুন্সি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকালে মারুফ তার মা মাহফুজা বেগমের কাছ থেকে ছেলে মুসাকে ‘ঘুরতে নিয়ে যাওয়ার’ কথা বলে বের হন। সন্ধ্যা হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে স্বজনরা জানতে পারেন, মারুফ তার ছেলেকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকার বিনিময়ে দিয়ে দিয়েছেন। অভিযোগ রয়েছে, ওই টাকা দিয়ে তিনি একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স কেনেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মারুফ মুন্সিকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে দাদা-দাদির জিম্মায় দেয় পুলিশ।

তবে সাংবাদিকদের কাছে সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন মারুফ। তিনি বলেন, ‘আমি আমার সন্তান বিক্রি করিনি। যাদের কাছে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে সন্তান বিক্রির কোনো চুক্তিও হয়নি। সন্তানটিকে শুধু লালন-পালনের জন্যই তাদের কাছে দিয়েছিলাম।’

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি কাগজে তিনি স্বাক্ষর করেছিলেন এবং সেখানে টাকার কথা উল্লেখ ছিল। তবে এক লাখ টাকা নয়, তিনি পাঁচ হাজার টাকা নিয়েছিলেন বলে দাবি করেন।

মারুফ আরও বলেন, তার কিছু দেনা ছিল, যা পরিশোধ করা জরুরি হয়ে পড়েছিল। তাই কিছুদিন পর সন্তানকে আবার নিজের কাছে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। সন্তান বিক্রির কোনো উদ্দেশ্য তার ছিল না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে নিজের কাজকে ভুল হিসেবে স্বীকার করে পরবর্তী করণীয় নিয়ে তিনি অনিশ্চয়তার কথা জানান।

এদিকে, শিশুটিকে উদ্ধারের পর তার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

Advertisements