নিতম্বে আঘাত পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় মুখ রাশ্মিকা মান্দানার ব্যস্ততায় হঠাৎই ছেদ পড়েছিল। শুটিং করতে গিয়ে নিতম্বে চোট পাওয়ায় প্রায় এক মাস কাজ থেকে দূরে থাকতে হয়েছে অভিনেত্রীকে। তবে দীর্ঘ বিশ্রামের পর এবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। খুব শিগগিরই আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন রাশ্মিকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাশ্মিকা তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’-র শুটিংয়ের সময় চোট পান। একটি নাচের দৃশ্য ধারণের সময় তাঁর ডান হিপে আঘাত লাগে। চোটের কারণে শুটিং থেকে বিরতি নিয়ে তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়।

এই বিরতির সময়টা অবশ্য একেবারে নিরানন্দে কাটাননি অভিনেত্রী। বরং কাজের ব্যস্ততা থেকে পাওয়া অবসরকে নিজের মতো করে উপভোগ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছুটির সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। কোথাও তাঁকে বাড়িতে স্বচ্ছন্দ সময় কাটাতে দেখা গেছে, আবার কোথাও ছুটির মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে।
সেসব ছবির সঙ্গে রাশ্মিকা লিখেছেন, ‘আমি শিগগিরই কাজে ফিরছি। আর নিশ্চিতভাবেই এই সময়গুলোকে খুব মিস করব।’ তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট, দীর্ঘ বিরতির পর ফের শুটিং সেটে যাওয়ার জন্য তিনি বেশ আগ্রহী। এর আগে গত ৩ আগস্ট নিজের শারীরিক অবস্থার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন রাশ্মিকা। তখন তিনি বলেছিলেন, প্রথম দিকে চোটের বিষয়টি প্রকাশ করতে চাননি। কিন্তু পরপর তিনবার আঘাত পাওয়ার পর নিজের শরীর সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। অভিনেত্রীর উপলব্ধি—শরীরকে কোনো যন্ত্রের মতো ব্যবহার করা যায় না; সেটিকে বিশ্রাম ও যত্ন দেওয়াও জরুরি।

নিজের চোটের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রাশ্মিকা জানিয়েছিলেন, হিপের দুই পাশে একাধিক টেন্ডন থাকে, যেগুলো হিপকে পায়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘মাইসা’র নাচের দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর ডান হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি আবার স্বাভাবিক অবস্থায় যুক্ত হওয়ার পরই তিনি আগের মতো পা ওঠাতে পারবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
তবে এই ঘটনা নিয়ে খুব বেশি আতঙ্কিত নন রাশ্মিকা। তাঁর মতে, এখন পর্যন্ত পাওয়া চোটগুলো মূলত আকস্মিক দুর্ঘটনার ফল। তাই চোটকে ভয় পাওয়ার বদলে শরীরকে প্রয়োজনীয় সময় দেওয়াকেই গুরুত্ব দিয়েছেন তিনি।
শুটিং থেকে দূরে থাকার এই সময়টায় রাশ্মিকার ভক্তদের মধ্যেও ছিল কৌতূহল—কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন তাঁদের প্রিয় অভিনেত্রী? এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। বিশ্রাম শেষে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে খুব শিগগিরই ‘মাইসা’র সেটে আবারও দেখা যেতে পারে রাশ্মিকাকে।



