বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৩০ আগস্ট, ২০২৬
বিবিধ

দেশে ফিরছেন মির্জা আব্বাস

mirza-abbas-1773299021

দীর্ঘ প্রায় পাঁচ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা রয়েছে তার।
মির্জা আব্বাসকে বহনকারী বিমানটি বুধবার রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতির অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা। চিকিৎসা শেষে দেশে ফেরার খবরে স্বস্তি ফিরেছে তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। দেশে ফিরে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস। চিকিৎসার কারণে দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় নির্বাচনের পরও তার রাজনৈতিক কার্যক্রমে সরাসরি উপস্থিতি সীমিত ছিল। এবার দেশে ফেরার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তার সরব উপস্থিতি আবারও দেখা যেতে পারে।

Advertisements