বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
বিবিধ

মেয়ের বিয়ের আগের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মায়ের

IMG_4165

বাড়িজুড়ে চলছিল মেয়ের বিয়ের প্রস্তুতি। অতিথি আপ্যায়ন, আত্মীয়স্বজনের আনাগোনায় উৎসবমুখর ছিল পরিবেশ। কিন্তু মেয়ের বিয়ের আগের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা রসেনা বেগমের (৫০) মৃত্যুতে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। পরে স্থগিত করা হয় বিয়ের সব আয়োজন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে এ ঘটনা ঘটে। রসেনা বেগম ওই এলাকার ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রসেনা বেগমের ২২ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে দিনভর আত্মীয়স্বজন ও অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করার কথা ছিল। বুধবার রাতেও বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ি সাজানোর পাশাপাশি বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের জন্য একটি গরুও জবাই করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১০টার দিকে গোয়ালঘরের বৈদ্যুতিক পাখার সুইচ চালু করতে যান রসেনা বেগম। এ সময় সুইচের পাশে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারে তাঁর হাত লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্বজনেরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রসেনা বেগমের ভাতিজা সাইফুল ইসলাম জানান, তাঁর মৃত্যুর পর বিয়ের সব আয়োজন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরিবারের একমাত্র ছেলে সৌদি আরবে থাকেন। তিনি দেশে ফেরার পর নতুন করে বিয়ের দিন ঠিক করা হবে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান রসেনা বেগমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Advertisements