বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
নারী

বাবার কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে বাড়িছাড়া মা

watermarked_img_13994990492333998560

বাবার দাফনের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এবার বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের কেশবপুরে। স্বামী হারানোর শোক সামলানোর আগেই ভিটেবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন নুরজাহান বেগম। বর্তমানে তিনি মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনাটি উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে নুরজাহান বেগমের স্বামী আব্দুল খালেক মানের মরদেহ বাড়ির বারান্দায় রাখা ছিল। দাফনের প্রস্তুতির সময় বাবাকে কোথায় দাফন করা হবে, তা নিয়ে তার দুই ছেলে মাহাবুর রহমান ও আসাবুর রহমানের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের স্বজনরাও এতে জড়িয়ে পড়েন এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পরই নুরজাহান বেগমকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার দুই ছেলের বিরুদ্ধে। স্বামীকে হারানোর পরপরই বাড়ি ছাড়তে বাধ্য হয়ে তিনি মেয়ের বাড়িতে চলে যান। বর্তমানে পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামে মেয়ে নাছিমা বেগমের বাড়িতে অবস্থান করছেন তিনি। নুরজাহানের নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।

নুরজাহানের অভিযোগ, তার ছেলেরা তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেন না। এমনকি খাবারও দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তার বক্তব্যের প্রায় ২৭ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, সম্পত্তি বা পারিবারিক বিরোধ থাকলেও বৃদ্ধ মা ও বাবার মরদেহের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নুরজাহানের অভিযোগের বিষয়ে জানতে মাহাবুর রহমান ও আসাবুর রহমানের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। আসাবুরের ছেলে আল আমিন জানান, চিকিৎসার জন্য তার বাবা বাইরে রয়েছেন। বড় চাচা মামলা করেছেন জানতে পেরে তিনি বাড়িতে ফেরেননি। তবে তার দাদি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য পংকজ চক্রবর্তী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগের বিষয়টি তার জানা নেই। তবে ওই নারী থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দুই ভাইয়ের সংঘর্ষের ঘটনায় মাহাবুর রহমান থানায় একটি অভিযোগ করেছেন।

সূত্রঃ সমকাল

Advertisements