বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জীবনযাপন

নারীদের চোখে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় শখ কোনটি?

4e271adc-0614-4a98-bdf7-d9304348d1cf

পুরুষের কোন শখ বা অভ্যাস নারীদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়? নতুন এক সমীক্ষার ফল বলছে, উত্তরটি বেশ সাদামাটা—বই পড়া। ভিডিও গেম বা দীর্ঘ সময় অনলাইনে কাটানোর বদলে হাতে বই থাকা পুরুষদেরই বেশি আকর্ষণীয় মনে করেন নারীরা।

‘ডেট সাইকোলজি’র একটি সাম্প্রতিক সমীক্ষায় ৭৪ ধরনের শখ ও অভ্যাস নিয়ে নারীদের মতামত নেওয়া হয়। এতে ৯৮ দশমিক ২ শতাংশ নারী জানিয়েছেন, কোনো পুরুষকে বই পড়তে দেখলে তাদের কাছে সেটি ইতিবাচক ও আকর্ষণীয় মনে হয়।

সমীক্ষায় নারীদের পছন্দের শীর্ষ পাঁচটি শখের মধ্যে রয়েছে বই পড়া, বিদেশি ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো, রান্না এবং কাঠের কাজ। অর্থাৎ জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতার সঙ্গে যুক্ত শখগুলোই তুলনামূলকভাবে বেশি পছন্দের।

এ ছাড়া চিত্রাঙ্কন, লেখালেখি, ফটোগ্রাফি, জ্যোতির্বিজ্ঞান, হাইকিং, ধাতুর কাজ ও তিরন্দাজির মতো শখও নারীদের কাছে বেশ আকর্ষণীয় হিসেবে উঠে এসেছে।

সমীক্ষার ফলাফলে দেখা যায়, নতুন কিছু শেখা, সৃজনশীল কাজে যুক্ত থাকা কিংবা প্রকৃতির মধ্যে সময় কাটানোর মতো অভ্যাস পুরুষের প্রতি ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখে।

সমীক্ষায় কিছু অভ্যাসকে নারীরা তুলনামূলকভাবে অপছন্দের বলেও জানিয়েছেন। এর মধ্যে রয়েছে নারীবিদ্বেষী অনলাইন সংস্কৃতি বা ‘ম্যানোস্ফিয়ার’-এর সঙ্গে যুক্ত থাকা, পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্টে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো।

এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি নিয়ে অতিরিক্ত ব্যস্ততা, কসপ্লে, কমিক বই সংগ্রহ এবং ‘ফাঙ্কো পপ’ ফিগার সংগ্রহের মতো শখও অধিকাংশ অংশগ্রহণকারীর কাছে খুব একটা আকর্ষণীয় মনে হয়নি।

মদ্যপান ও নিয়মিত নাইটক্লাবে যাওয়ার অভ্যাসও নারীদের বড় একটি অংশ নেতিবাচকভাবে দেখেছেন। ডেটিং কোচ কোর্টনি রায়ানের মতে, কারও জীবনে অ্যালকোহল বা নাইটক্লাবিং যদি প্রধান বিনোদনে পরিণত হয়, সেটিকে অনেক নারী অপরিণত আচরণ হিসেবে বিবেচনা করতে পারেন।

সমীক্ষার ফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়েছে। কেউ কেউ তিরন্দাজি বা ব্ল্যাকস্মিথিংয়ের মতো শখকে মজার ও ব্যতিক্রমী হিসেবে দেখেছেন। আবার কেউ জানিয়েছেন, এমন শখের ক্লাসেই তাঁদের ভবিষ্যৎ জীবনসঙ্গীর সঙ্গে পরিচয় হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নারীদের পছন্দের শখগুলোর মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে—এসব কাজ মানুষের জ্ঞান বাড়ায়, সৃজনশীলতা বিকাশ করে, সামাজিক যোগাযোগ তৈরি করে বা মানসিকভাবে সক্রিয় রাখে। বিপরীতে, একাকী ও অতিরিক্ত অনলাইননির্ভর কিছু অভ্যাস তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়েছে।

তবে কাউকে আকৃষ্ট করার জন্য জোর করে কোনো শখ তৈরি করার পরামর্শ দিচ্ছেন না ডেটিং বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিজের পছন্দের কোনো কাজে সত্যিকারের আগ্রহ ও আনন্দ থাকাটাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আকর্ষণীয়।

Advertisements
আকর্ষণীয়নারীপুরুষশখ