ঘুমের মধ্যে মা’রা গেছেন অভিনেত্রী অনন্যা রাজ

ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। ৩৫ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি। ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’ ও ‘ঘোস্ট’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী। খবর বলিউড হাঙ্গামার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে অনন্যার মৃত্যু হয়। মৃত্যুর প্রায় এক মাস পর, গত রোববার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনে পরিবার। বিবৃতিতে পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি ‘যোদ্ধার মতো’ লড়াই করেছেন বলেও উল্লেখ করা হয়।

পরিবারের পক্ষ থেকে অনন্যার শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাঁকে দৃঢ়চেতা ও নিজের মতো করে জীবনযাপন করা মানুষ হিসেবে স্মরণ করে পরিবার। তাঁদের ভাষায়, অনন্যা নিজের জীবন ‘রানির মতো’ বেঁচেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, অনন্যার অনুপস্থিতি পরিবারের সদস্যরা গভীরভাবে অনুভব করবেন। তাঁর আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন তাঁরা। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। ‘দ্য ফাইনাল এক্সিট’ও তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে অন্যতম।
তবে অনন্যার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবার কোনো বিস্তারিত তথ্য জানায়নি। শুধু বলা হয়েছে, মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরে তিনি শারীরিক ও মানসিক অস্বস্তির সঙ্গে লড়াই করছিলেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ সময়ে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বানও জানানো হয়েছে



