এনআইডিতে জন্মতারিখ সংশোধনে নতুন সিদ্ধান্ত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যবহার করে জন্মতারিখ সংশোধনের আবেদন সরাসরি জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক (ডিজি) নিষ্পত্তি করবেন। একইভাবে নিজের নাম অথবা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদনও কেন্দ্রীয়ভাবে ডিজির মাধ্যমে নিষ্পত্তি হবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, জন্মতারিখ, নিজের নাম এবং বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের সুযোগ একজন নাগরিকের জন্য মাত্র একবার। অর্থাৎ এসব তথ্য একবার সম্পূর্ণ পরিবর্তন করা হলে পরবর্তীতে একই তথ্য দ্বিতীয়বার সম্পূর্ণ সংশোধনের আবেদন করা যাবে না।
নতুন এই সিদ্ধান্তের ফলে এনআইডির তথ্য সংশোধনের ক্ষেত্রে কোন আবেদন স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হবে এবং কোন আবেদন কেন্দ্রীয় অনুমোদনের প্রয়োজন হবে, তা আরও স্পষ্ট হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন যাচাই ও নিষ্পত্তি করতে পারবেন।



