ডেঙ্গু আক্রান্ত হয়ে শ্বেতা তিওয়ারি হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা।
আগামী ১৩ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা করণ জোহরের রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় রয়েছেন শ্বেতাও। নতুন শোয়ের প্রচারণার ব্যস্ততার মধ্যেই তার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভক্তদের এখন মূল প্রশ্ন—দ্রুত সুস্থ হয়ে শ্বেতা কি শুটিং ও শোয়ের কার্যক্রমে অংশ নিতে পারবেন?
এদিকে শোয়ের প্রচারণামূলক এক ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে। সেখানে স্বামীর পরকীয়া বা প্রতারণা কীভাবে তিনি জানতে পেরেছিলেন, সেই অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
এর মধ্যেই শ্বেতার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শ্বেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাজা দাবি করেছেন, তাদের দাম্পত্য জীবনের সময় অভিনেত্রী অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন নীরব থাকার পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই তিনি মুখ খুলেছেন বলে জানান।
শ্বেতার অসুস্থতা এবং ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হওয়া এই আলোচনা এখন একসঙ্গে আলোচনায় এসেছে।



