সাদামাটা শাড়ির আড়ালে ৫৬ লাখ রুপির বিলাসী সাজ কঙ্গনার

ভারতের লোকসভা থেকে বের হওয়ার সময় কঙ্গনা রানাউতের পরনে ছিল হালকা নীল শাড়ি, চোখে সানগ্লাস। দূর থেকে সাজটি বেশ সাধারণ মনে হলেও তার হাতে থাকা ব্যাগ ও কবজির ঘড়ি নজর কাড়ে। শুধু ব্যাগ, ঘড়ি ও ছাতার দাম মিলিয়েই প্রায় ৫৬ লাখ রুপি।
লোকসভায় বর্ষাকালীন অধিবেশন চলাকালে কঙ্গনার এই সাজ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তার হাতে থাকা ব্যাগটির দাম প্রায় ৩৫ লাখ রুপি। ঘড়িটির মূল্য প্রায় ২১ লাখ রুপি। সঙ্গে ছিল প্রায় ৬ হাজার ১০০ রুপির একটি ছাতাও।
হাতে ৩৫ লাখের হার্মিস
কঙ্গনার সাজের সবচেয়ে দামি অনুষঙ্গ ছিল ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড হার্মিসের বারকিন ব্যাগ। টোগো লেদারে তৈরি এই ব্যাগটির বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি।
টোগো লেদার বাছুরের চামড়া থেকে তৈরি। এর দানাদার টেক্সচার, নমনীয়তা ও স্থায়িত্বের কারণে বিলাসবহুল ব্যাগের বাজারে এ ধরনের চামড়ার বেশ চাহিদা রয়েছে।
কবজিতে ২১ লাখের রোলেক্স
কঙ্গনার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। চকলেট বাদামি ডায়ালের এই ঘড়িটির দাম প্রায় ২১ লাখ রুপি।
রোলেক্সের তথ্য অনুযায়ী, ডেটজাস্ট মডেলের যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ও পানি-প্রতিরোধী ক্রোনোমিটার হাতঘড়ি, যাতে তারিখ দেখানোর সুবিধা ছিল। পরে ১৯৫৩ সালে এতে যুক্ত করা হয় ‘সাইক্লপস’ ম্যাগনিফাইং লেন্স।
ছাতার দামও কয়েক হাজার রুপি
কঙ্গনার সঙ্গে ছিল গুড আর্থের একটি ছাপার ছাতা। ‘ইন্ডিয়ান ওশান’ প্রিন্টের এই ছাতাটির দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি।
সব মিলিয়ে শুধু হার্মিসের ব্যাগ, রোলেক্সের ঘড়ি ও ছাতার দাম প্রায় ৫৬ লাখ রুপি। এর সঙ্গে শাড়ি, ব্লাউজ ও জুতার দাম যোগ করলে পুরো সাজের মূল্য আরও বেড়ে যাবে।
বলিউড অভিনেত্রী থেকে লোকসভা সদস্য—কঙ্গনার পোশাক ও ফ্যাশন নিয়ে আলোচনা নতুন নয়। তবে এবার তার ঐতিহ্যবাহী শাড়ির চেয়ে বেশি নজর কেড়েছে ৩৫ লাখ রুপির হার্মিস ব্যাগ ও ২১ লাখ রুপির রোলেক্স ঘড়ি।



