সমুদ্রভ্রমণে ত্বক নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন করণীয়

সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার আনন্দের পাশাপাশি ত্বক নিয়ে কিছুটা বাড়তি সতর্কতাও জরুরি। তীব্র রোদ, নোনাজল ও বালুর প্রভাবে ত্বক শুষ্ক, রুক্ষ বা কালচে হয়ে যেতে পারে। তাই সৈকতে যাওয়ার আগে, সেখানে অবস্থানকালে এবং বাড়ি ফেরার পর নিয়ম মেনে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।
সৈকতে যাওয়ার আগে প্রস্তুতি
সৈকতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ত্বকের খোলা অংশে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে জিংক অক্সাইডযুক্ত মিনারেল সানস্ক্রিন বেছে নেওয়া যেতে পারে।
রোদ থেকে ত্বক রক্ষায় চওড়া কিনারাযুক্ত হ্যাট, সানগ্লাস ও হালকা সুতির পোশাক ব্যবহার করা ভালো। ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া ও রোদে ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে এসপিএফযুক্ত লিপবামও ব্যবহার করা যেতে পারে।
সৈকতে থাকাকালীন যত্ন
সৈকতে অবস্থানকালে প্রতি দুই ঘণ্টা পর এবং সাঁতার কাটার পর আবার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সম্ভব হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলা ভালো।
নোনা বাতাস ও গরমের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। সঙ্গে পানির বোতল রাখলে সুবিধা হবে। ভ্রমণের সময় রসাল ফল খাওয়াও শরীর ও ত্বকের জন্য উপকারী হতে পারে।
হোটেলে ফিরে যা করবেন
সৈকত থেকে হোটেলে ফেরার পর ত্বক ভালোভাবে পরিষ্কার করা দরকার। মেকআপ ও সানস্ক্রিন পরিষ্কার করতে অয়েল-বেসড ক্লিনজার ব্যবহার করে এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া যেতে পারে।
রোদে পোড়া বা লালচে ভাব থাকলে রাতে অ্যালোভেরা জেল বা কুলিং মাস্ক ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন ত্বক পরিষ্কার করার পর হায়ালুরনিক অ্যাসিড বা নিয়াসিনামাইডযুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
বাড়ি ফেরার পর ত্বকের যত্ন
সমুদ্রভ্রমণ শেষে ত্বক অতিরিক্ত রোদে পুড়ে গেলে খাঁটি অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। ত্বকে ২০ মিনিট রেখে তা ধুয়ে ফেলতে পারেন। শসার রস বা ঠান্ডা গ্রিন টি দিয়েও ত্বকে আরাম দেওয়া যায়।
ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় হায়ালুরনিক অ্যাসিড সেরাম ব্যবহার করা যেতে পারে। এরপর নিয়াসিনামাইড বা সেরামাইডযুক্ত ময়শ্চারাইজার লাগানো যেতে পারে। শরীরের ত্বকের শুষ্কতা কমাতে গোসলের আগে নারকেল তেল ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে গোসল করাও একটি উপায়।
যা এড়িয়ে চলবেন
ভ্রমণ শেষে ত্বক স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত অন্তত দুই থেকে তিন দিন ভারী মেকআপ এড়িয়ে চলা ভালো। একইভাবে বাড়ি ফিরেই পারলারে গিয়ে ফেশিয়াল, ব্লিচ বা তীব্র রাসায়নিক পিলিং করানো উচিত নয়।
ভেতর থেকেও ত্বকের যত্ন
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করার পাশাপাশি ডাবের পানি খাওয়া যেতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ লেবু, আমড়া, মালটা ও আমলকীর মতো ফল খাদ্যতালিকায় রাখলে ত্বকের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে।



