বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
নারী

ছেলের সঙ্গে পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন

df98a772-cf44-4d71-85a6-539bc0af8803

সংসারের দায়িত্ব সামলে ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মা। একদিকে সন্তানদের পড়াশোনার খোঁজখবর ও সংসারের কাজ, অন্যদিকে নিজের পড়াশোনা—সবকিছু সামলে এগিয়ে গেছেন তিনি। কখনো সন্তানদের পড়তে বসিয়েছেন, আবার কখনো সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাত জেগে নিজের বই-খাতা নিয়ে বসেছেন।

দীর্ঘ প্রায় ১৭ বছর পড়াশোনা থেকে দূরে থাকার পর নতুন করে শিক্ষাজীবন শুরু করেছিলেন রাজশাহীর সাদিয়া বেগম। শেষ পর্যন্ত তার সেই অধ্যবসায় ও পরিশ্রম সাফল্য এনে দিয়েছে। চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় তিনি পেয়েছেন জিপিএ-৫। অন্যদিকে তার ছেলে তানভীর আহমেদ পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। মা-ছেলের এমন সাফল্যে পরিবার থেকে শুরু করে পুরো এলাকাজুড়ে এখন আনন্দের আবহ বিরাজ করছে।

সাদিয়া বেগম রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকার বাসিন্দা। প্রায় ১৯ বছর আগে বিয়ের পর তার পড়াশোনায় ছেদ পড়ে। সংসার ও পারিবারিক বিভিন্ন দায়িত্বের কারণে তখন তাকে বই-খাতা সরিয়ে রাখতে হয়। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর পড়াশোনার বাইরে থাকলেও শিক্ষার প্রতি তার আগ্রহ কখনো হারিয়ে যায়নি।

একপর্যায়ে আবারও বই হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন সাদিয়া। নতুন করে শুরু করেন পড়াশোনা। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের লালন-পালন এবং তাদের পড়াশোনার দেখভাল করেও নিজের শিক্ষাজীবন চালিয়ে যেতে থাকেন তিনি।

Advertisements

প্রায় দুই বছর আগে তিনি নেন আরও বড় একটি সিদ্ধান্ত। ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। পরিবারের সদস্যদের সম্মতিও পান। এরপর শুরু হয় পরীক্ষার প্রস্তুতি। সংসারের নানা কাজের ফাঁকে নিয়মিত পড়াশোনা করেছেন সাদিয়া। দুই ছেলের পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি নিজের পড়াশোনার জন্যও আলাদা সময় বের করে নিতেন তিনি।

অবশেষে চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে নিজের সেই পরিশ্রমের প্রতিদান পান সাদিয়া বেগম। রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ-৫ অর্জন করেন।

অন্যদিকে, সাদিয়ার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় সে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

একই বছরে, একই সময়ে মা ও ছেলে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই সাফল্য অর্জন করেছেন। মায়ের জিপিএ-৫ এবং ছেলের গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার ঘটনায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উচ্ছ্বাস।

সোমবার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকায় তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ফল প্রকাশের পর পরিবারজুড়ে উৎসবের আমেজ। মা-ছেলেসহ পরিবারের সদস্যদের মুখে ছিল আনন্দের ছাপ। ফল প্রকাশের পর থেকেই স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাদের বাড়িতে এসে অভিনন্দন জানাচ্ছেন এবং তাদের সাফল্যের প্রশংসা করছেন।

নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করে সাদিয়া বেগম বলেন, পড়াশোনার প্রতি তার সবসময়ই আগ্রহ ছিল। কিন্তু বিয়ের পর নানা কারণে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। দীর্ঘ সময় পড়াশোনা থেকে দূরে থাকলেও তিনি কখনো হাল ছেড়ে দেননি।

সাদিয়া বলেন, প্রায় দুই বছর আগে তিনি সিদ্ধান্ত নেন যে ছেলের সঙ্গে তিনিও এসএসসি পরীক্ষা দেবেন। পরিবারের সম্মতি পাওয়ার পর পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেন। সেই সিদ্ধান্ত থেকেই চলতি বছর ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। শেষ পর্যন্ত জিপিএ-৫ পাওয়ার মাধ্যমে তার দীর্ঘ অপেক্ষা ও পরিশ্রম সফল হয়েছে।

Advertisements
গোল্ডেনছেলেজিপিএ-৫পরীক্ষামা