বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষার খরচ পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক

content

বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি, ভর্তি ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা যাবে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়।

সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী অথবা তার পড়াশোনার খরচ বহনকারী ব্যক্তির নামে ডেবিট, প্রিপেইড কিংবা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। এসব কার্ডের মাধ্যমে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অনলাইন অ্যাডমিশন প্ল্যাটফর্মে বর্তমানে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন, ভর্তি ও অন্যান্য ফি পরিশোধের প্রয়োজনীয়তা বাড়ছে। শিক্ষার্থীদের এই প্রয়োজন বিবেচনায় নিয়ে নতুন এই সুবিধা চালু করা হয়েছে।

Advertisements

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষাসংক্রান্ত এসব কার্ড লেনদেন বিদ্যমান ভ্রমণ কোটার আওতায় গণনা করা হবে না। অর্থাৎ, বিদেশে পড়াশোনার অনুমোদিত খরচ পরিশোধের জন্য কার্ড ব্যবহারের অর্থ শিক্ষার্থীর বা সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান ট্রাভেল কোটার পরিমাণ থেকে কেটে নেওয়া হবে না।

তবে কার্ড ইস্যুর আগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কার্ডটি শুধুমাত্র অনুমোদিত শিক্ষাসংক্রান্ত অর্থ পরিশোধের কাজে এবং নির্ধারিত মেয়াদের মধ্যে ব্যবহার করা যাবে।

এ ছাড়া প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত ‘পারপাস কোড’ ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের কাছে লেনদেনের তথ্য রিপোর্ট করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের স্পনসরদের টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষাসংক্রান্ত খরচ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হবে।

Advertisements
অনুমতিআন্তর্জাতিককার্ডপড়াশোনাবিদেশব্যাংক