‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের প্রশ্নের জবাব পারশার

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। বিশেষ করে স্বামীর মুখ আড়ালে রেখে বিয়ের ছবি প্রকাশ করায় শুরু হয় নানা জল্পনা। পরে স্বামী হিসেবে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের পরিচয় সামনে আসতেই বিতর্ক আরও জোরালো হয়। এবার এসব সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে দীর্ঘ বক্তব্য দিয়েছেন পারশা। ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতার প্রশ্নে নিজের চিন্তাধারা তুলে ধরে সমালোচকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেছেন, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে পারশা জানান, বিয়ের সিদ্ধান্তের পেছনে রয়েছে তার ব্যক্তিগত চাওয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা। সন্তান লালন-পালনের প্রতি আগ্রহ এবং একজন দায়িত্বশীল জীবনসঙ্গীর প্রত্যাশা থেকেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের একক প্রথা নয়; বরং প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতায় এর সামাজিক ও আইনগত প্রচলন রয়েছে।

পারশার ভাষায়, তিনি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছেন, যিনি শুধু তাকে ভালোবাসবেন না, তার কাজ, অনুভূতি ও ব্যক্তিসত্তাকেও সম্মান করবেন। আসাদের মধ্যে সেই গুণগুলো খুঁজে পেয়েছেন বলেই তাকে বেছে নেওয়া। স্বামীর প্রশংসা করে তিনি জানান, বাবার পর আসাদের মতো যত্নশীল, সাহসী, আন্তরিক ও দায়িত্ববান পুরুষের দেখা আগে পাননি। মানুষের পাশাপাশি পোষা প্রাণীদের প্রতিও আসাদের যত্নশীল আচরণ তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
ধর্মীয় বিশ্বাস নয়, মানুষ হিসেবেই দেখতে চান
আসাদের ধর্মীয় অবস্থান নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গে পারশা বলেন, তার স্বামীর সব বক্তব্যের সঙ্গে সবাই একমত হবেন, এমন প্রত্যাশা তিনি করেন না। এমনকি নিজেরও আসাদের প্রতিটি মতামতের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। তবে শুধু নাস্তিক কিংবা ধর্মহীন পরিচয়ে একজন মানুষকে বিচার করার বিরোধিতা করেছেন তিনি। তার আহ্বান, আসাদকে একজন মানুষ এবং তার জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করা হোক।
নিজের পারিবারিক পরিবেশের কথাও তুলে ধরেছেন এই শিল্পী। তিনি জানান, প্রথমদিকে তার বাবা-মা বিয়েতে সম্মতি দেননি। নিজেদের উদ্বেগ ও আশঙ্কার কথা জানালেও শেষ পর্যন্ত মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়েছেন। কারণ, তাদের পরিবার ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে।
পারশার বড় ভাই ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা বই ও গবেষণা রয়েছে। ভাবিও নিকাব করেন এবং পরিবারের ধর্মীয় অনুশাসন মেনে চলেন। কিন্তু পরিবারের কেউ কখনো পারশার গান, অভিনয় কিংবা জীবনযাপন নিয়ে বাধা দেননি। ছোটবেলা থেকেই পরিবার তাকে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দিতে শিখিয়েছে বলে জানান তিনি।
ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোর বিরোধিতা

ধর্ম পালন করা মানুষের প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই উল্লেখ করে পারশা বলেন, তার আপত্তি ধর্মকে ব্যবহার করে অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, ঘৃণা ছড়ানো কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রবণতার বিরুদ্ধে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে নারীর পোশাক, শরীর ও ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনক মন্তব্যের সমালোচনা করেছেন তিনি।
তার মতে, ধর্মের দোহাই দিয়ে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কিংবা তার স্বাধীনতা নিয়ন্ত্রণ করার অধিকার কারও নেই। একজন নারীর জীবন, শরীর ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর চূড়ান্ত অধিকার তার নিজেরই।
নিজের শিল্পীসত্তা নিয়েও খোলামেলা অবস্থান জানিয়েছেন পারশা। গান, ছবি আঁকা ও অভিনয় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধর্মের কিছু কঠোর ব্যাখ্যায় এসব বিষয়ে বিধিনিষেধ থাকলেও নিজের শিল্পীসত্তা বিসর্জন দিতে চান না তিনি। ধর্মীয় অনুশাসনের সবকিছু অনুসরণ করতে না পারলে শুধু সামাজিক স্বীকৃতি পাওয়ার জন্য ধার্মিকতার অভিনয় করাও তার কাছে অর্থহীন।
তবে ইসলামের শিক্ষা থেকে পাওয়া সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার মূল্যবোধ এখনো ধারণ করেন বলে জানিয়েছেন এই শিল্পী। নিজের জীবনযাপনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ধূমপান, মাদক কিংবা নেশাজাতীয় কোনো কিছুর সঙ্গে তার সম্পৃক্ততা নেই। কাউকে ঠকানো বা ক্ষতি করার পরিবর্তে মানুষ ও প্রাণীদের প্রতি যত্নশীল থাকার চেষ্টা করেন। মুখে এক ধরনের পরিচয় দিয়ে আড়ালে ভিন্ন জীবনযাপন করার পক্ষপাতী নন তিনি।
দুই ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা পারশা ও আসাদ
দুজনের পারিবারিক ও সামাজিক পরিবেশের পার্থক্যও নিজের পোস্টে তুলে ধরেছেন পারশা। নিজের বেড়ে ওঠার পরিবেশকে তুলনামূলকভাবে সুযোগ-সুবিধাপূর্ণ উল্লেখ করে তিনি জানান, উত্তরবঙ্গের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। তার বাবা পিএইচডিধারী অধ্যাপক। পরিবারে শিক্ষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সহযোগিতা পেয়েছেন এবং নিজের প্রতিভা বিকাশের সুযোগও ছিল পর্যাপ্ত।
অন্যদিকে আসাদের শৈশব কেটেছে ভিন্ন বাস্তবতায়। তার বাবা ছিলেন একজন হাইস্কুল শিক্ষক। পরিবার ছিল ধর্মীয়ভাবে রক্ষণশীল। দাদার ইচ্ছা পূরণ করতে তাকে মাদরাসায় ভর্তি করা হয়। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন আসাদ। আরবি হাতের লেখায় ভালো ছিলেন, মক্তবে আজান দিতেন এবং ওয়াজ মাহফিলে হামদ-নাতও পরিবেশন করতেন।
তবে পারশার দাবি, মাদরাসায় পড়ার সময় আসাদ শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি জানার পর তার বাবা তাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন। সেই অভিজ্ঞতার পরও আসাদ ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। নিয়মিত নামাজ পড়া এবং ধর্মীয় চর্চা অব্যাহত রেখেছিলেন।
যে অভিজ্ঞতা বদলে দিয়েছিল আসাদের বিশ্বাস
পারশার বর্ণনা অনুযায়ী, কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখোমুখি হন আসাদ। প্রেমকে হারাম হিসেবে বিবেচনা করার কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে আসাদ ও ওই তরুণীর জীবন জটিল হয়ে পড়ে। দুই পরিবারের উদ্যোগেও সমস্যার সমাধান হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই ধর্মীয় বিশ্বাস নিয়ে তার মনে নানা প্রশ্ন তৈরি হতে শুরু করে। দীর্ঘদিন পড়াশোনা, অনুসন্ধান ও নিজস্ব বিচার-বিশ্লেষণের পর একসময় ধর্মবিশ্বাস থেকে সরে আসেন তিনি।
পরবর্তী জীবনে মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের সময়ও বিভিন্ন ঘটনার সঙ্গে আসাদের সম্পৃক্ততার কথা তুলে ধরেছেন পারশা। মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় বলে দাবি করেন তিনি। এসব ঘটনার পর পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি হয় আসাদের। পারশার ভাষ্য অনুযায়ী, প্রায় এক দশক ধরে মায়ের সঙ্গে তার দেখা হয়নি।
তবে অতীতের অভিজ্ঞতা দিয়ে আসাদের বর্তমান পরিচয় নির্ধারণ করতে চান না পারশা। তার মতে, জীবনের নানা প্রতিকূলতা ও সামাজিক প্রত্যাখ্যান একজন মানুষের ব্যক্তিত্বে প্রভাব ফেলতে পারে। কিন্তু মানুষ সময়ের সঙ্গে বদলায়, নতুন করে শেখে এবং নিজের ভুল বুঝতে পারে। আসাদও এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছেন বলে মনে করেন তিনি। তাই তাকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
কানাডায় থেকেও বাংলা সংস্কৃতির টান
আসাদের দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসার বিষয়টিও পোস্টে উল্লেখ করেছেন পারশা। কানাডায় বসবাস করলেও বাংলা ভাষা, দেশীয় খাবার ও সংস্কৃতির প্রতি তার গভীর আগ্রহ রয়েছে বলে জানান তিনি। পারশার মতে, ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকলেও দেশের প্রতি ভালোবাসা কিংবা সমাজের জন্য কাজ করার ইচ্ছা আলাদা হয়ে যায় না।
সবশেষে নিজের শেকড় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে পারশা বলেন, বাংলাদেশ তার দেশ। এ দেশের মানুষ, নদী-নালা, পশুপাখি, ভাষা, গান ও সংস্কৃতি তার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। কোনো ধর্মীয় পরিচয় কিংবা অন্য কারও অনুমতির ওপর দেশের প্রতি তার ভালোবাসা নির্ভরশীল নয়।
ভাষা আন্দোলনের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, নিজের শেকড় অস্বীকার করা যদি এতটাই সহজ হতো, তাহলে অনেকেই হয়তো বাংলা ভাষার পরিবর্তে উর্দুতে কথা বলতেন।
বিয়ের খবর ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে পারশার এই দীর্ঘ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে সমালোচনার জবাবে তার মূল বার্তা স্পষ্ট—ব্যক্তিগত সম্পর্ক, জীবনযাপন ও বিশ্বাসের সিদ্ধান্তে একজন মানুষের স্বাধীনতাকে সম্মান করা প্রয়োজন।



