চলন্ত ট্রেন থেকে খুলে পড়ল বগির দরজা, আ’হত দুই যাত্রী

চলন্ত ট্রেন থেকে হঠাৎ খুলে পড়ল একটি বগির দরজা। এতে আহত হয়েছেন দুই যাত্রী। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহানগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে বেলা পৌনে ৪টার দিকে সালদা নদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায়। এ সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ‘ড’ বগির একটি দরজা খুলে রেললাইনের পাশে পড়ে যায়। দরজা ছাড়াই ট্রেনটি পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা দরজাটি উদ্ধার করেন। তবে সেটি পড়ে যাওয়ার কারণে রেললাইন বা আশপাশে নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনটির পরিচালক (গার্ড) শামস মো. লেলিন জানান, সালদা নদী এলাকার একটি লেভেল ক্রসিংয়ে একটি অটোরিকশা আটকে যায়। সেটি সরানোর চেষ্টা চলার সময় ট্রেনের দরজায় ধাক্কা লাগে। এর ফলেই দরজাটি খুলে পড়ে যায়। এ সময় দরজার কাছে অবস্থান করা দুই যাত্রীর পায়ে সামান্য আঘাত লাগে।
পরে বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করলে ঘটনার বিস্তারিত জানান ওই বগির যাত্রী মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনে উঠে দেখেন, বগির একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা যাত্রীদের বড় ধরনের ক্ষতি হয়নি।
চলন্ত ট্রেনের বগি থেকে এভাবে দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি ট্রেনের দরজার সংযোগ, স্থায়িত্ব ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।



