ভক্তদের শঙ্কায় শেহনাজ, শুটিংয়ে নাকফুল গিলে ফেললেন অভিনেত্রী

শুটিংয়ের দৃশ্য ধারণের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। দৌড়ানোর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে অসাবধানতাবশত নিজের নাকফুল গিলে ফেলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘটনার একটি পর্দার পেছনের ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে শেহনাজ জানান, অনেক ভক্তই তাকে নাকফুল খুলে পড়ে যাওয়ার সেই মুহূর্তের ভিডিও শেয়ার করতে বলেছিলেন। সেই অনুরোধেই ঘটনার ভিডিওটি প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে দৌড়ে আসার সময় হঠাৎ শেহনাজের নাকের নোলক খুলে মুখের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি কাশতে শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে পাশে থাকা সহশিল্পী সৌরভ সচদেব এগিয়ে আসেন এবং তার পিঠে চাপড় দিয়ে সামলানোর চেষ্টা করেন।

ভিডিওটি প্রকাশের পর শেহনাজের ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে শেহনাজের আসন্ন পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’র শুটিং সেটে। অরবিন্দর খায়রা পরিচালিত এই পিরিয়ড রোম্যান্টিক ড্রামায় ভারতীয় পাঞ্জাবের এক শিখ তরুণ ও পাকিস্তানি পাঞ্জাবের এক মুসলিম তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
তবে নাকফুল গিলে ফেলার পর শেহনাজের শারীরিক অবস্থা বর্তমানে কেমন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।



