২০ কোটি রুপির পারিশ্রমিক, তবু কেন প্রযোজক হতে চান শ্রদ্ধা?

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার ধরনে ধীরে ধীরে পরিবর্তন আসছে। নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি অনেক তারকাই এখন সিনেমার লাভ, স্বত্ব ও আইপিআরের অংশীদার হচ্ছেন। এবার একই মডেল বেছে নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন অবলম্বনে নির্মিতব্য একটি বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শ্রদ্ধার। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ আলোচনায় জানা গেছে, এককালীন ওই পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন অভিনেত্রী।
এই মডেলে শ্রদ্ধা শুরুতে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নাও নিতে পারেন। পরিবর্তে সিনেমার স্বত্ব, ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি এবং বক্স অফিস আয় থেকে নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে তার। ফলে সিনেমাটি বড় সাফল্য পেলে তার মোট আয় ২০ কোটি রুপির প্রস্তাবিত অঙ্ককেও ছাড়িয়ে যেতে পারে।
বলিউডে লাভের অংশীদারত্বের এই মডেল অবশ্য নতুন নয়। শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো তারকারাও বিভিন্ন সিনেমায় নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি লাভের অংশ নেওয়ার মডেলে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি অক্ষয় কুমারও এমন মডেল অনুসরণ করে লাভবান হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে ছবিটির স্বত্বের একটি অংশ নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে রাখেন তিনি। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে দাবি করা হয়।
এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার নতুন সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে।
তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভে অংশীদার হবেন- এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে তার ভক্তদের।



