পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবারের ফলাফলে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের কোনো ক্ষেত্রেই পাসের হার কিংবা জিপিএ-৫ অর্জনে ছেলেরা মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ অর্জনেও ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি।
তবে গত বছরের তুলনায় এবার উভয় ক্ষেত্রেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিলেন।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, আর ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ৮ দশমিক ৮২ শতাংশ এগিয়ে রয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলেও একই চিত্র দেখা গেছে। এসব বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডেও পাসের হারে মেয়েরা এগিয়ে। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ছাত্রীদের ফলাফল আরও ভালো। এ বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫১ দশমিক ১৪ শতাংশ।
অর্থাৎ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি- তিন ধারার শিক্ষাতেই এবার পাসের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েদের সংখ্যাই বেশি।



