বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিবিধ

স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার

prothomalo-bangla_2026-08-09_e1wsqzbx_US-Am-02

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাও’কে সঙ্গে নিয়ে নৌকায় করে ভাসমান বাজার ও আশপাশের পেয়ারা বাগান পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় পেয়ারার স্বাদও নেন রাষ্ট্রদূত।

ভীমরুলিতে গিয়ে স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাঁদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে নানা তথ্য জানেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য এবং পানির ওপর গড়ে ওঠা ভাসমান পেয়ারাবাজার তাঁকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাঁর নজর কেড়েছে।


মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রদূতের ভীমরুলি সফরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়, ‘ভীমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।’ ভাসমান বাজার, সবুজে ঘেরা পেয়ারা বাগান এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখে ভীমরুলিকে বাংলাদেশের অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ হিসেবেও উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।

বর্ষা মৌসুমে ভীমরুলির ভাসমান পেয়ারাবাজারে জমে ওঠে পেয়ারা কেনাবেচা। খাল-বিলের পানিতে নৌকায় করে পেয়ারা বিক্রি ও কেনার দৃশ্য প্রতিবছরই দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের মধ্যেও উৎসাহ তৈরি করেছে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে রোববার সকালে নৌপথে লঞ্চে করে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বরিশালে আসার কয়েকটি ছবিও প্রকাশ করা হয়। সেখানে তাঁকে লঞ্চের ডেকে বসে নৌপথের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। ছবির ক্যাপশনে রাষ্ট্রদূতের বক্তব্য হিসেবে লেখা হয়, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!’

Advertisements

ভীমরুলির ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূতের সফর অবশ্য এবারই প্রথম নয়। সর্বশেষ ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সেখানে গিয়েছিলেন। সেবারও তিনি নৌকায় করে ভাসমান হাট ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

Advertisements
ঝালকাঠিভাসমান পেয়ারাবাজারমার্কিন রাষ্ট্রদূতস্ত্রী