বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্টে যুক্ত হচ্ছে বিকাশ
ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন পেমেন্ট সুবিধা চালুর পথে এগোচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। তবে সুবিধাটি এখনো সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত ও কম খরচে সম্ভব হবে।
সম্প্রতি কয়েকজন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার বিজ্ঞাপন ব্যবস্থাপকের পেমেন্ট যোগ করুন অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশও যুক্ত হয়েছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।
এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, দ্বৈত মুদ্রা সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মেটা। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট সুবিধা কবে সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ শিগগিরই আরও বিস্তৃত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



