বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
নারী

নারী এশিয়া কাপ: ভারত–পাকিস্তান একই গ্রুপে, কবে খেলবে বাংলাদেশ?

image_316195_1786035479

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে টুর্নামেন্টের গ্রুপিং ও পূর্ণ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, এবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে জায়গা পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইন্দোনেশিয়া।

আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে মেয়েদের এশিয়া কাপ। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে।

আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়েছে এবারের আসর। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। আর গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট, যেখানে মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। তবে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত–পাকিস্তান লড়াই। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

Advertisements

আয়োজকরা জানিয়েছে, টুর্নামেন্টের সবগুলো ম্যাচই ফ্লাডলাইটের আলোয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট।

গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি তিনটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে।

১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘বি’-এর রানার্সআপের বিপক্ষে। পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ ও গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

এটি হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ষষ্ঠ আসর। সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। অন্যদিকে ২০১৮ সালে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ নারী দল। এছাড়া ভারত ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

গ্রুপ বিভাজন

গ্রুপ ‘এ’

  • ভারত
  • পাকিস্তান
  • থাইল্যান্ড
  • হংকং

গ্রুপ ‘বি’

  • বাংলাদেশ
  • শ্রীলঙ্কা
  • সংযুক্ত আরব আমিরাত
  • ইন্দোনেশিয়া

বাংলাদেশের ম্যাচসূচি

  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০
  • ৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০
  • ৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০

গ্রুপ পর্বে ভালো ফল করতে পারলে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisements
এশিয়াকাপনারীপাকিস্তানবাংলাদেশভারত