ভিআইপি সুবিধা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স অর্জন করলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ আবেদনকারীদের মতোই নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তিনি অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি অন্যান্য পরীক্ষার্থীদের মতোই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং নির্ধারিত ধাপগুলো অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, জাইমা রহমানের জন্য কোনো বিশেষ ব্যবস্থা বা আলাদা সুযোগ রাখা হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সাধারণ আবেদনকারীদের মতোই নির্ধারিত নিয়ম মেনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন।
জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত অনেকেই জানতেন না যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে আসছেন। কেন্দ্রে এসে তিনি অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং পরীক্ষার সব ধাপ অনুসরণ করেন।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তিনি কোনো বিশেষ সুবিধা গ্রহণ করেননি। বরং সাধারণ আবেদনকারীদের মতো নির্ধারিত লাইনে দাঁড়িয়ে নিজ হাতে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন। পুরো প্রক্রিয়াজুড়ে তিনি নিয়ম মেনে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেন, যা কেন্দ্রে উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।



