বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩ আগস্ট, ২০২৬
বিনোদন

পঁচাশিতে পা দিয়ে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে এই অভিনেত্রী

পঁচাশিতে-পা-দিয়ে-প্রাপ্তবয়স্কদের-প্ল্যাটফর্মে-এই-অভিনেত্রী

হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ডোনা মিলস আবারও আলোচনায়। ৮৫ বছর বয়সে তিনি জনপ্রিয় সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্ম ‘অনলি ফ্যানস’-এ নিজের অ্যাকাউন্ট চালু করেছেন। তবে এটি বিতর্কিত বা প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্রকাশের জন্য নয়, বরং দীর্ঘদিনের ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার নতুন উদ্যোগ বলেই জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, আশির দশকের জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ নটস ল্যান্ডিং-এর এই অভিনেত্রী মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে এমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন, যেখানে ভক্তদের সঙ্গে আরও ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব।

বিনোদনবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনা মিলস বলেন, বহু বছর ধরে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। সেই সম্পর্ককে আরও আন্তরিকভাবে এগিয়ে নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, নতুন অ্যাকাউন্টে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতি নিয়মিত ভাগাভাগি করবেন। তার ভাষায়, এটি নিজের পরিচয় বদলে ফেলার উদ্যোগ নয়; বরং দীর্ঘদিনের সমর্থকদের আরও কাছ থেকে পাওয়ার একটি নতুন মাধ্যম।

ডোনা মিলসের এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে ক্রিয়েটরস আইএনসি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বাখম্যান বলেন, ডোনার ব্যক্তিত্ব, রুচি এবং কর্মজীবনের অজানা দিকগুলো ভক্তদের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তার মতে, ডোনা সব সময়ই সাহসী এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন শিল্পী। ১৯৬৬ সালে দ্য সিক্রেট স্টর্ম সিরিজের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করেন ডোনা মিলস। পরে নটস ল্যান্ডিং সিরিজে অ্যাবি কানিংহাম চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। এছাড়া জেনারেল হসপিটাল-এ অতিথি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ডেটাইম এমি অ্যাওয়ার্ড অর্জন করেন।

Advertisements

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হলিউডের বেশ কয়েকজন তারকা ‘অনলি ফ্যানস’-এ যোগ দিয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে আমেরিকান পাই খ্যাত অভিনেত্রী শ্যানন এলিজাবেথও প্ল্যাটফর্মটিতে যুক্ত হন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যোগ দেওয়ার প্রথম সাত দিনেই তিনি ১২ লাখ ডলারের বেশি আয় করেছিলেন।

Advertisements
অভিনেত্রীডোনা মিলসপ্রাপ্তবয়স্কহলিউড