২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য

পিওথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার?

kidney_original_1698116284

গলব্লাডার তথা পিত্তথলিতে পাথর থাকলে সাধারণত পেটের ওপরের দিকে ডান পাশে ব্যথা, বমি বমি ভাব বা জন্ডিস হতে পারে। তবে পাথর থাকলেই সব সময় অস্ত্রোপচারের দরকার হয় না। যদি না তা লক্ষণ প্রকাশ করে বা জটিলতার সৃষ্টি করে।

কখন অস্ত্রোপচার দরকার?

তীব্র ব্যথা: পেটে বা বুকের ডান পাঁজরের নিচে প্রচণ্ড ব্যথা হলে এবং ব্যথা পেটের পেছনের দিকে বা ডান কাঁধের দিকে ছড়িয়ে পড়লে যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।

জন্ডিস: পাথর পিত্তনালিতে আটকে গিয়ে চোখ বা ত্বক হলুদ হয়ে গেলে বা প্রস্রাবের রং গাঢ় হলে।

প্রদাহ ও জ্বর: পিত্তথলিতে সংক্রমণ (কলেসিস্টাইটিস) হলে, সঙ্গে জ্বর বা কাঁপুনি থাকলে।

জটিল পাথর: পিত্তথলির দেয়াল অতিরিক্ত মোটা হয়ে গেলে। পাথরের আকার অনেক বড় (২ সেমি বা তার বেশি) হলে অথবা ছোট ছোট পাথর সংখ্যায় অনেক হলে বা পিত্তথলি অকার্যকর হয়ে গেলে।

Advertisements

অন্যান্য রোগ: ডায়াবেটিসের রোগী, পিত্তথলিতে ১ সেন্টিমিটার বা তার চেয়ে বড় পলিপ থাকলে অথবা রক্তে সিকল সেল রোগের মতো জটিলতা থাকলে- পাথর উপসর্গহীন হলেও অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়।

অস্ত্রোপচার কীভাবে?

বর্তমানে পেটে বড় কাটাছেঁড়া ছাড়াই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ করা হয়। এ পদ্ধতি অত্যন্ত নিরাপদ ও দ্রুত সুস্থ হওয়া সম্ভব।

দুই প্রশ্নের উত্তর জানুন

১. আপনার কি পেটে বা পিঠে তীব্র ব্যথা হচ্ছে এবং হলে তা কতক্ষণ থাকে?

২. জন্ডিস, বমি ভাব বা জ্বর আছে কি? সর্বশেষ আলট্রাসাউন্ড রিপোর্টে পিত্তথলিতে পাথরের আকার ও সংখ্যা কত দেওয়া আছে?

এই দুটি প্রশ্নের জবাব নিয়ে বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিন। পেটে তীব্র ব্যথা ৫ ঘণ্টার বেশি হলে জরুরিভাবে হাসপাতালে ভর্তি হতে হবে।

Advertisements