২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকায় মিলছে আশাব্যঞ্জক ফল

“Vial and Syringe, Isolated on white”

রাশিয়ায় উদ্ভাবিত মেলানোমা ক্যানসারের এমআরএনএ-ভিত্তিক টিকার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। তাদের মতে, টিকা গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

রুশ বার্তা সংস্থা আরটির প্রতিবেদনে বলা হয়েছে, গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ‘নিওঅনকোভ্যাক’ নামের টিকাটি চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো ৬০ বছর বয়সী এক তৃতীয় পর্যায়ের মেলানোমা রোগীর শরীরে প্রয়োগ করা হয়। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দর গিনজবার্গ জানান, রোগীর শরীরে এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে টিউমার ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে। রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসা চলাকালে তার রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।

গবেষকেরা জানান, আরও ১০ জন রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক মেলানোমার টিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে সেগুলো প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রে কাপরিন বলেন, রোগীর টিউমারের জিনগত তথ্য বিশ্লেষণ করে তার জন্য আলাদাভাবে এই টিকা তৈরি করা হয়। এর উদ্দেশ্য হলো রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা বাড়ানো।

এদিকে, কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্ট’ গ্রহণকারী রোগীদের শরীরেও ইতিবাচক রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। পাশাপাশি অগ্ন্যাশয়, কিডনি ও নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ চলছে।

Advertisements
Advertisements