বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১ আগস্ট, ২০২৬
বিবিধ

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘ’টনা, সমুদ্রে পড়ে নিহ’ত পর্যটক

peraseiling-63e48962ed5b4

কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি পরিবারের সদস্য ও স্বজনসহ মোট নয় সদস্যের একটি পর্যটকদলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ভ্রমণের অংশ হিসেবে তিনি প্যারাসেইলিংয়ে অংশ নেন। তবে আনন্দঘন সেই অভিজ্ঞতা মুহূর্তেই মর্মান্তিক দুর্ঘটনায় রূপ নেয়।

জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ করেই তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনাটি ঘটার পর সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তার বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অতীতেও একই ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটলেও সেসব থেকে শিক্ষা নিয়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

Advertisements

স্থানীয়দের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

এদিকে, এ ঘটনায় জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের উদ্যোগ নেওয়া হবে।

Advertisements
কক্সবাজারদুর্ঘটনাপর্যটকপ্যারাসেইলিং