দলে সুযোগ না পাওয়ায় প্রাণ দিলেন ১৭ বছর বয়সী নারী ক্রিকেটার

দলে সুযোগ না পাওয়ার হতাশায় ১৭ বছর বয়সী ভারতীয় এক নারী ক্রিকেটার আত্মহত্যা করেছেন। অদিতি চৌখাণ্ড নামের এই নারী ক্রিকেটারের মৃত্যুতে শোক নেমে এসেছে মহারাষ্ট্রের ক্রিকেটাঙ্গনে। বুধবার (২৯ জুলাই) রাতে নাগপুরের লক্ষ্মী নগর এলাকায় তিনি মারা যান। এ ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমি দলে জায়গা পাইনি’। চিঠি থেকে পুলিশের ধারণা, দলে সুযোগ না পাওয়ার হতাশাই এই ঘটনার নেপথ্যে কাজ করেছে। একই সঙ্গে তিনি তার ভাই প্রবালকে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার শুভকামনাও জানান।
মা ও ভাইয়ের সঙ্গে নাগপুরে থাকতেন অদিতি। তার বাবা মহারাষ্ট্র সরকারের পূর্ত দপ্তরের ঠিকাদার। এ বছর উচ্চমাধ্যমিক পাস করা অদিতি নিয়মিত ক্রিকেট অনুশীলন করতেন তার ভাই প্রবাল চৌখাণ্ডের সঙ্গে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে দলে সুযোগ না পাওয়ার হতাশা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি কেন তিনি বারবার দলে সুযোগ বঞ্চিত হচ্ছিলেন, সেটিও তদন্ত করে দেখা হবে।



