প্রভার আবেগঘন পোস্ট ঘিরে জল্পনা, লিখলেন—‘আবার দেখা হবে’

ঢাকাই অভিনেত্রী প্রভার একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নতুন কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’
তবে এই বার্তাটি কাকে উদ্দেশ্য করে লেখা, সে বিষয়ে কিছুই খোলাসা করেননি প্রভা। এ কারণে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, হয়তো প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই এই অনুভূতির কথা লিখেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে খোলা চুলে হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে দেখা গেছে প্রভাকে। কোথাও পার্কের বেঞ্চে বসে, কোথাও ফুল ছোঁয়ার চেষ্টা করতে, আবার কোথাও রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে।
কাজের ক্ষেত্রে শিগগিরই ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে দেখা যাবে প্রভাকে। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তির কথা রয়েছে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।



