অপ্রয়োজনীয় সিজার নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নবজাতককে জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানোর বিষয়ে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-এ গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের অপুষ্টির কারণেই বর্তমানে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। জন্মের পর অনেক শিশু শালদুধ পায় না এবং সুষম খাবারের অভাবও রয়েছে। এসব সমস্যা প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, রোগীর শেষ ভরসা চিকিৎসক। তাই চিকিৎসকদের মানবিক আচরণ ও আন্তরিকতা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেশে যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়েই ফিজিওথেরাপি সেবা চালুর পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।



