‘সিচুয়েশনশিপ’ থেকে বের হতে যা করবেন

স্পষ্ট প্রতিশ্রুতিহীন ও অনিশ্চয়তায় ঘেরা প্রেমের সম্পর্ক বা ‘সিচুয়েশনশিপ’ থেকে বেরিয়ে আসা অনেকের জন্যই কঠিন হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, এমন সম্পর্ক মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আত্মসম্মান বজায় রেখে সময়মতো সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ডেটিং বিশেষজ্ঞ ডেভিন সিমোনের বরাত দিয়ে লাইফস্টাইলবিষয়ক ম্যাগাজিন কসমোপলিটন জানিয়েছে, বিষাক্ত ও অনিশ্চিত সম্পর্কের টানাপোড়েন মস্তিষ্কে মাদকের আসক্তির মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যা স্নায়ুতন্ত্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই নিজের অস্বস্তির অনুভূতিকে অস্বীকার না করে মেনে নিতে হবে। এরপর সম্পর্কটি নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা ও স্পষ্টভাবে কথা বলা জরুরি। সম্পর্কে দীর্ঘদিন অনিশ্চয়তা থাকলে বা নিজের চাওয়া-পাওয়াকে বারবার বিসর্জন দিতে হলে সেটিকে সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।
এ ছাড়া নিজের আত্মসম্মান অটুট রাখা, নিজের যত্ন নেওয়া ও পছন্দের কাজগুলোতে সময় দেওয়া প্রয়োজন। সম্পর্ক শেষ হওয়ার পর প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি না করে প্রয়োজনে তাকে ব্লক করে নিজের মানসিক শান্তি বজায় রাখার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ সম্পর্কের জন্য পরিষ্কার মানদণ্ড নির্ধারণ করা উচিত। যে সম্পর্ক সম্মান, স্পষ্টতা ও প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠে, সেটিই দীর্ঘমেয়াদে মানসিক সুস্থতার জন্য সবচেয়ে উপযোগী।



