এবার বাঘ চলে এল বন বিভাগের কার্যালয়ের সামনে

আন্ধারমানিক কেন্দ্রের অবস্থান সুন্দরবনের শ্যালা নদীর দক্ষিণ-পশ্চিম পাড়ে, সুন্দরবনের ভেতরে বন বিভাগের একটি কার্যালয়ের সামনে বাঘ দেখা গেছে। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রে ওই বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। এ সময় বনকর্মীরা মুঠোফোনের ক্যামেরায় বাঘটির বিচরণের দৃশ্য ধারণ করেন।
দেখা যায়, নদীর পাশ দিয়ে এসে আন্ধারমানিক কেন্দ্রের বন অফিসের সামনের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারপাশ দেখছে বাঘ। বাঘটি একটু সেখানে অপেক্ষা করে একবার পেছনে ফিরেও দেখে। পরে হেঁটে সামনের উত্তর পাশের জঙ্গলের দিকে চলে যায়।

২০২১ সালে সুন্দরবনে নতুন করে নেওয়া চারটি পর্যটনকেন্দ্র (ইকোট্যুরিজম) তৈরির অংশ হিসেবে আন্ধারমানিক বনাঞ্চলে ওয়াচ টাওয়ার, ফুট ট্রেইলসহ (হেঁটে যাওয়ার পথ) বিভিন্ন সুযোগ–সুবিধা তৈরি করা হয়। ১৩ জুলাই এই ইকোট্যুরিজম কেন্দ্রের দক্ষিণে একটি বাঘিনীকে অবমুক্ত করেছিল বন বিভাগ। এর আগে ৪ জানুয়ারি বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন শরকির খালসংলগ্ন বন থেকে ফাঁদে আটকে থাকা ওই বাঘিনীটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তবে শুক্রবার দেখা পাওয়া বাঘটি সেই বাঘিনী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ‘এই বাঘটি আমাদের ছাড়া বাঘিনী না বলেই মনে হচ্ছে। গায়ের ডোরাকাটা দাগ বিশ্লেষণে মনে হচ্ছে, এটি অন্য আরেকটি বাঘিনী। এ ছাড়া বনের যে অংশে বাঘিনীটি ছাড়া হয়েছে, সেখানে পর্যাপ্ত খাবার আছে। আশা করা যায়, বাঘিনীটির খাবারের জন্য শিকার বা টিকে থাকায় সমস্যা হচ্ছে না।’



