বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জীবনযাপন

‘আর্লি বার্ড ডিনার’: টিকটক ট্রেন্ড নাকি ভালো ঘুমের চাবিকাঠি

‘আর্লি বার্ড ডিনার’: টিকটক ট্রেন্ড নাকি ভালো ঘুমের চাবিকাঠি

রাতের খাবার কখন খাচ্ছেন, সেটাই কি আপনার ঘুমের মান ঠিক করে দিতে পারে? টিকটকে সম্প্রতি ভাইরাল হওয়া ‘আর্লি বার্ড ডিনার’ ট্রেন্ড ঠিক এমনই একটি দাবি সামনে এনেছে। ট্রেন্ডটি বলছে, ঘুমাতে যাওয়ার অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা আগে, অর্থাৎ বিকেল ৫টার মধ্যে রাতের খাবার খেয়ে নিলে গভীর ও আরামদায়ক ঘুম হতে পারে। অবাক করার বিষয় হলো, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি ভাইরাল কৌশল নয়; বরং শরীরের জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লকের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

আর্লি বার্ড ডিনার কী
রাত গভীর হওয়ার বেশ আগে সন্ধ্যাকালীন খাবার খেয়ে ফেলা হলো আর্লি বার্ড ডিনার। প্রখ্যাত মার্কিন মনোরোগ ও নিদ্রা বিশেষজ্ঞ ড. অ্যালেক্স দিমিত্রিউর মতে, এটি এমন এক বিরল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, যা মানুষের সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি মিলে যায়। ঘুমাতে যাওয়ার আগে পরিপাকতন্ত্রকে বিরতি দেওয়া হলে ঘুমের মধ্যে হজমপ্রক্রিয়ার ব্যস্ততা কমে। ফলে মাঝরাতে রক্তে কর্টিসল বা স্ট্রেস হরমোন বাড়ার ঝুঁকি থাকে না। এর কারণে পাকস্থলীর অ্যাসিড গলার দিকে উঠে আসার সমস্যা বা অ্যাসিডিটি বা রিফ্লাক্স কমায়। এতে ঘুমের ব্যাঘাত ঘটে না।

গবেষণায় যা জানা যায়
২০২১ সালে ‘দ্য জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী রাত ৯টার বদলে সন্ধ্যা ৬টায় রাতের খাবার খেলে তা রক্তে গ্লুকোজের মাত্রা উন্নত করে এবং শরীরের ফ্যাট ও কার্বোহাইড্রেট পোড়ানোর গতি বাড়ায়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত বিখ্যাত জন হপকিন্স বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের একদল গবেষক ও চিকিৎসা বিশেষজ্ঞ এই গবেষণা পরিচালনা করেন। ২০২৩ সালে চিকিৎসা সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, যারা রাত ৯টার পর রাতের খাবার খান, রাত ৮টার আগে খাবার খাওয়া ব্যক্তিদের তুলনায় তাদের স্ট্রোক বা মস্তিষ্কের রক্তনালির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ২৮ শতাংশ বেশি। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেন ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ, সিএনআরএস এবং বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের পুষ্টিবিজ্ঞানী ও মহামারি-সংক্রান্ত একদল গবেষক।

ভালো ঘুমের চাবিকাঠি
কেবল খাবারের সময় নয়, রাতের ঘুম নিশ্চিন্ত ও গভীর করতে বিশেষজ্ঞদের আরও কিছু পরামর্শ মেনে চলা উচিত।

Advertisements

শোয়ার অন্তত ৩০ মিনিট আগে মোবাইল, টিভি কিংবা ল্যাপটপের পর্দা থেকে চোখ ফিরিয়ে নিন। এসব স্ক্রিনের নীল আলো ঘুমের প্রাকৃতিক হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়।
ঘর যতটা সম্ভব অন্ধকার, ঠান্ডা ও শান্ত রাখুন। প্রয়োজনে আই মাস্ক ব্যবহার করতে পারেন। ঘুমানোর অন্তত ৩ ঘণ্টা আগে কফি, চা বা অ্যালকোহল এড়িয়ে চলুন। এগুলো ঘুমের গভীর স্তরগুলোকে বিনষ্ট করে এবং মাঝরাতে বারবার বাথরুমে যাওয়ার তাগিদ তৈরি করে।

সবার জন্য কি একই নিয়ম
যদিও ৪-৫ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা বেশির ভাগ মানুষের জন্যই চমৎকার অভ্যাস, তবে ডায়াবেটিস বা লো ব্লাড সুগারের রোগীদের ক্ষেত্রে হুট করে খাবারের সময় পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে। তাই বিশেষ কোনো শারীরিক অবস্থা থাকলে জীবনযাত্রায় এই পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিছানায় এপাশ-ওপাশ করে রাত কাটানোর অভ্যাস থেকে মুক্তি পেতে আজই আপনার রাতের খাবারের টেবিলে একটু পরিবর্তন এনে দেখতে পারেন। কে বলতে পারে, সাধারণ এক টিকটক ট্রেন্ডই হয়তো আপনার শান্তির ঘুমের চাবিকাঠি হয়ে উঠতে পারে।

সূত্র: হেলথ লাইন

Advertisements
আর্লি বার্ড ডিনারটিকটকট্রেন্ড