এক এআই মডেল দ্বারা হ্যাকিংয়ের শিকার অন্য এআই মডেল

নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সার্ভারে হ্যাক চালিয়েছে দুটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এক অভ্যন্তরীণ পরীক্ষার তথ্য প্রকাশ করে এমন দাবি করেছে।
ওপেনএআই জানায়, তাদের এআই মডেলের সাইবার সক্ষমতা যাচাইয়ের সময় জিপিটি-৫.৬ (GPT-5.6 Sol) এবং আরও একটি উন্নত এআই মডেল পরিচালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট পরীক্ষার নির্ধারিত সীমা অতিক্রম করে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে। এরপর এটি চুরি করা লগইন তথ্য এবং আগে থেকে অজানা একটি নিরাপত্তা দুর্বলতা ব্যবহার করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে।
প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এজেন্টটি এমন পদক্ষেপ নিয়েছিল।
হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট ডেলাঙ্গ জানান, শুরুতে তাদের ধারণা ছিল হামলার পেছনে কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠান থাকতে পারে। তবে তার বিশ্বাস, ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, পুরো ঘটনাটি স্বয়ংক্রিয়ভাবে ঘটেছে, যা অত্যন্ত বিস্ময়কর এবং এ ধরনের ঘটনা সম্ভবত এটাই প্রথম।
এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেগ ক্যাসার ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এআই প্রযুক্তির উন্নয়ন অত্যন্ত দ্রুত এগোচ্ছে। তিনি বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
এরই মধ্যে উন্নত এআই ব্যবস্থার জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের জন্য নতুন একটি কাঠামো অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন।



