বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
বিবিধ

ভারতে শিক্ষার্থী আন্দোলনে সরব শোবিজ তারকারা, পুলিশের বলপ্রয়োগের নিন্দা

images

ভারতের নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ ও লাঠিপেটার ঘটনার প্রতিবাদে দেশটির শোবিজ অঙ্গনের একাধিক তারকা প্রকাশ্যে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।

আন্দোলনের সমর্থনে মুখ খুলেছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা ও স্বরা ভাস্করসহ অনেকেই।

অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র সমালোচনা করে দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, দেশের তরুণদের ওপর এ ধরনের নির্যাতন দেখে তিনি মর্মাহত ও ক্ষুব্ধ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, একদিন এসব ঘটনার জবাবদিহি করতেই হবে।

সংগীতশিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।’

Advertisements

গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসনের প্রতি তাদের কথা শোনার আহ্বান জানান এবং বলেন, মানুষের কণ্ঠই প্রকৃত শক্তি।

অভিনেত্রী হুমা কুরেশি আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে পুনম পান্ডে বলেন, এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।

প্রথম থেকেই আন্দোলনের পাশে থাকা অভিনেতা প্রকাশ রাজ পুলিশের লাঠিপেটা ও ধরপাকড়ের তীব্র সমালোচনা করে এটিকে কর্তৃত্ববাদী আচরণ বলে উল্লেখ করেন। যন্তর মন্তরে চলমান আন্দোলনেও তাকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে। অভিনেত্রী শাবানা আজমিও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাদের প্রতি নিজের সমর্থনের কথা জানান এবং অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

ভারতের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও। সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে প্রকাশিত একটি গানে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার বার্তা দেন।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অধিকারকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। যন্তর মন্তরে দীর্ঘ অনশনের পর তাকে হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকেও তিনি অনশন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

Advertisements
ভারতশিক্ষার্থী আন্দোলন