জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এ সভায় সর্বসম্মতিক্রমে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন আবাসিক হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউট নিজস্ব উদ্যোগে পৃথক অনুষ্ঠান আয়োজন করবে।
কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবন্ধ রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক একটি বিশেষ সংকলন প্রকাশ করবে।
এ ছাড়া শামসুননাহার হল ২৬ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল ২৪ ও ২৫ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ১ থেকে ৪ আগস্ট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, অমর একুশে হল ২৩ থেকে ২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস ২২ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ৫ আগস্ট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।



