সুখবর দিলেন সোহিনী-শোভন, আসছে নতুন অতিথি

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে আসছে নতুন অতিথি। দুই বছরের দাম্পত্য জীবনের পর প্রথমবারের মতো বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তারা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই সুখবর।

বুধবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি যৌথ ছবি প্রকাশ করেন সোহিনী ও শোভন। ছবিতে সাদা কুর্তি, খোলা চুলে লাল ফুল গোঁজা সাজে দেখা যায় সোহিনীকে। ছবিগুলোতে তার বেবিবাম্পও স্পষ্টভাবে ফুটে ওঠে। অন্যদিকে আকাশি রঙের পাঞ্জাবি পরে ক্যামেরাবন্দি হন শোভন গঙ্গোপাধ্যায়। ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’ সংক্ষিপ্ত এই বার্তাতেই নতুন অতিথির আগমনের খবর নিশ্চিত করেন তারা।
পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।’ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অনেক ভালোবাসা, দিদি।’ এছাড়া টলিউডের জনপ্রিয় তারকা মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীসহ অনেকেই শুভকামনা জানিয়েছেন হবু মা-বাবাকে।
গত কয়েক সপ্তাহ ধরেই টালিগঞ্জে সোহিনী সরকারের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি সোহিনী কিংবা শোভন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানান এই তারকা দম্পতি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল একান্তই ব্যক্তিগত, যেখানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা রয়েছে। এদিকে, সম্প্রতি সোহিনীকে ‘ফেরা’ ছবিতে দেখা গেছে। মাতৃত্বের এই বিশেষ সময়কে গুরুত্ব দিতে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না বলে জানা গেছে।



